প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে আ’ লীগ ও এলডিপি
জাতির উদ্দেশে রোববার রাতে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
ভাষণ শেষে রোববার রাতে শেখ হাসিনার সুধা সদনের বাড়ির সামনে অপেক্ষমান সাংবাদিকদের আব্দুল জলিল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ দিন ধরে আমরা যে আন্দোলন চালিয়ে আসছিলাম প্রধান উপদেষ্টার বক্তব্য তার যৌক্তিকতা প্রমাণ করে। এ জন্য তাকে ধন্যবাদ।
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার অনতিবিলম্বে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন,“ আমাদের আশা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত সরকারের হাতে যথাসম্ভব দ্রুত ক্ষমতা হস্তান্তর করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিগত বিএনপি--জামাত নেতৃত্বাধীন চার দলীয় জোটের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ এনে বলেন, অনতিবিলম্বে এসব দূর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে।
তিনি আহসানউল্লাহ মাস্টার এমপি এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যাসহ ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তেরও দাবি জানান।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি অলি আহমেদও ফখরুদ্দীন আহমদের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।
রোববার রাতে নফহবংি২৪.পড়স কে অলি আহমেদ বলেন,“ দূর্নীতিবাজ ও জনগণের সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের তফসিল ঘোষণার দাবি করছি আমরা।”
তিনি বলেন,“ প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আমার ও আমার দলের দাবি--দাওয়া প্রতিফলিত হয়েছে। আমি দীর্ঘ চার বছর ধরে চার দলীয় জোট সরকার ও বিএনপির দূর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে আসছিলাম। কিন্তু বিএনপি সরকারের অহংকার ও দাম্ভিকতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেউই আমার বক্তব্যে কর্ণপাত করেনি।”
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে যেসব পদক্ষেপের কথা বলেছেন তা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়ে তিনি বলেন, তা না করে নির্বাচন অনুষ্ঠানে বেশি দেরী করা হলে দূর্নীতিবাজরা আবার একত্রিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হবে।
