ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলা
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ময়মসিংহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
“রাজনীতিবিদরা রাজনীতি করেন টাকার জন্য” -- ইউনূসের এ মন্তব্যের জন্য রোববার দুপুরে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়।
প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট রুকসানা তাররামুনের আদালত শুনানি শেষে আগামী ২৭ মার্চের মধ্যে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট খালেদা খানমকে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দিয়ে প্রতিবেদন পেশের নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূসের বক্তব্যে দেশের রাজনীতিবিদদেরকে কটাক্ষ করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সকল উন্নয়ন ও সমৃদ্ধির পেছনে রাজনীতিবিদদের অবদান অপরিসীম। কিন্তু ঢালাওভাবে অভিযোগের মাধ্যমে রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। একজন রাজনীতিবিদ হিসেবে তিনিও হেয় হয়েছেন। এই কারণে তিনি বিচার প্রার্থনা করে আদালতের আশ্রয় নিয়েছেন।
গত বৃহস্পতিবার ফরাসী বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস রাজনীতিবিদদের সম্পর্কে কিছু কথা বলে এই বিতর্কের জন্ম দেন।
