২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমাকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা

টঙ্গীতে আগামী ২ থেকে ৪ ফেব্র“য়ারি অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এ বছর বিশ্ব ইজতেমার ৪০ বছর পূর্তি উপলক্ষে এতে প্রায় ৫০ লাখ মানুষের জমায়েত হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার অনুষ্ঠিত আইন-- শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় ইজতেমায় পাঁচ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশের মহাপরিদর্শক , র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের বলেন,“বিশ্ব ইজতেমায় অংশগ্রহনকারীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় পর্যালোচনা করা হয়েছে।”

সভায় বিশ্ব ইজতেমা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া জানান।

তিনি জানান, বিশ্ব ইজতেমা স্থলের প্রতিটি প্রবেশ দ্বারে নিরাপত্তা চৌকি স্থাপনসহ এলাকার পুরোটাই ক্লোজ সার্কিট টেলিভিশনে (সিসিটিভি) পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে থাকবে পুলিশ ও র্যাবের আকাশ, স্থল ও নৌ পথে টহল।

তিনি জানান, বিশ্ব ইজতেমায় যোগদানকারী অতিথিদের যাতায়াতের সুবিধার্থে ৩০টি বাস প্রস্তুত থাকবে।

ইজতেমায় যোগদানকারীদের তুরাগ নদী পারাপারের জন্য এর চারদিকে সাতটি পন্টুন সেতু স্থাপন করা হয়েছে।

ইজতেমা স্থলের আশপাশের অবৈধ স্থাপনা এবং ওই এলাকায় রাজউকের বরাদ্দ দেওয়া সাতটি শিল্প প্লটের মধ্যে ছয়টির বরাদ্দ বাতিল করা হলেও আদালতে মামলা দায়ের করায় তা উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। ওই প্লটগুলোর মালিকের দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার বা নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইজতেমায় বিদেশী অতিথিদের ভিসা পাওয়ার সুবিধার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন ডেস্ক বসানো হচ্ছে। সেখান থেকে তারা বিশেষ ভিসা নিয়ে ইজতেমায় যোগ দিতে পারবেন।