২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ--বিএনপি উড়িয়ে দিল ইউনূসকে

রাজনীতিকদের নিয়ে মুহম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 10:56 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

আব্দুল জলিল ড. ইউনূসের বক্তব্যকে যুদ্ধংদেহী মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, মান্নান ভূঁইয়া বলেছেন, ইউনূসের কথা দুঃখজনক ও অপ্রত্যাশিত।

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে শুক্রবার বিকালে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “তার (ড. ইউনূস) য্দ্ধুংদেহী মনোভাব আমাদের চিন্তিত করে তুলছে।”

তিনি বলেন, “ঢালাওভাবে রাজনীতিবিদদের সমালোচনা করলে তাদের প্রতি চরম অবিচার করা হবে। ইউনূসের মন্তব্য তার নিজের অবস্থানকেই বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে।  সামগ্রিক রাজনীতির বিরুদ্ধে তার যুদ্ধংদেহী অবস্থান আমাদের চিন্তিত করে তোলে।”

আব্দুল জলিল আরো বলেন, “তার ভাষ্য অনুযায়ী কতিপয় রাজনীতিবিদের অসততার জন্য যদি রাজনীতিবিদ মানেই খারাপ হয়, তবে কি একজন উন্নয়ন কর্মীর দুর্র্নীতি ও অসততার জন্য সব উন্নয়নকর্মীকেই আমরা অসৎ ধরে নেব ?”

তিনি বলেন,“পত্রিকার পাতায় যখন গ্রামীণ ব্যাংকের ৩৬ শতাংশ সার্ভিস চার্জÑÑ যাকে সাধারণ মানুষ সুদ বলে থাকেÑÑশোধ না করতে পেরে কোনো গরিব মহিলার আত্মহত্যার খবর ছাপা হয়, তখন কি আমরা আমাদের নোবেল বিজয়ী ইউনূস সাহেবকে সুদখোর মহাজন হিসেবে চিহ্নিত করে আত্মহত্যার জন্য তাকেই দায়ী করব ?”

বাংলাদেশে ঘুষ না দিলে কিছুই পাওয়া যায় না বলে ড. ইউনূস যে কথা বলেছেন তার জবাবে জলিল বলেন, “তিনি কি ঘুষের বিনিময়ে গ্রামীণ ব্যাংক পরিচালনার অনুমতি পেয়েছিলেন ?”

জলিল বলেন, উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও রাজনীতিতে দুর্বৃত্তায়ন আছে, গডফাদারদের দৌরাত্ম্য আছে এবং ক্ষমতার অপব্যবহার করে জনগণের সম্পদ আত্মসাৎ মাধ্যমে লক্ষ--কোটি টাকার মালিক হওয়ার নজির আছে।

একইসঙ্গে তিনি বলেন, “পৃথিবীতে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য এখনো গণতন্ত্রের চাইতে ভালো কোনো পদ্ধতি উদ্ভাবন হয়নি। গণতন্ত্র টেকসই ও স্থিতিশীল করার জন্য প্রয়োজন রাজনীতিতে সৎ, দেশপ্রেমিক ও উন্নয়নমুখী ধারার সমর্থন করা, উৎসাহিত করা।”

জলিল আশা প্রকাশ করেন ড. ইউনূস দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সুস্থ রাজনীতির ধারাকে ভবিষ্যতে উৎসাহিত করবেন।

তিনি ইউনূসের উদ্দেশে বলেন, “স্পষ্টভাবে বলুন কারা দুর্র্নীতিবাজ। কে কোন মাত্রায় দুর্র্নীতি করেছে তা গবেষণা করে জাতির সামনে প্রকাশ করুন।”

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন “রাজনীতিবিদরা শুধু অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আর্দশ নেই”ÑÑইউনূসের এই কথা দুঃখজনক  ও অপ্রত্যাশিত।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “রাজনীতি একটি মহৎ পেশা। জনগণ ও সমাজের সেবা করার সর্বোচ্চ মাধ্যম। কিছু মন্দ ব্যক্তির তৎপরতা অন্যান্য পেশার মতো এই পেশাকেও প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু তাই বলে রাজনীতি ও রাজনীতিবিদরা আদর্শহীন হয়ে গেছেন-এমন মন্তব্য ঠিক নয়।”

মান্নান ভূঁইয়া দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে লক্ষ মানুষের লড়াই--সংগ্রামের রাজনীতির ইতিহাসের কথা তুলে ধরে বলেন, সেই ইতিহাস বিশ্ববাসীর শ্রদ্ধা অর্জন করেছে।   রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন এমন অভিযোগের কোনো সত্যতা নেই।

তিনি বলেন, দেশ--বিদেশে বিভিন্ন শ্রেণী--পেশার মানুষের মতো রাজনীতিতেও ভাল--মন্দ মানুষের সমাবেশ ঘটেছে। তাই বলে একটি বিশেষ কাজে নিয়োজিত ব্যাক্তিদের সম্পর্কে ঢালাও মন্তব্য ড. ইউনূসের মতো বিচক্ষণ মানুষের কাছ থেকে আশা করা যায় না।

সম্প্রতি ফরাসী বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে  ড. ইউনূস বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে খোলাখুলি নানা মন্তব্য করেন।