২২ জানুয়ারির নির্বাচন বাতিলের ফাইলে প্রধান উপদেষ্টার অনুমোদন
২২ জানুয়ারির নির্বাচন বাতিল করা সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার অনুমোদন দিয়েছেন। এটি এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন সচিব আবদুর রশীদ সরকার ও অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়া বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এই ফাইলটি নিয়ে যান। ফাইলটি রাষ্ট্রপতির অনুমোদনের পর কমিশন এক প্রজ্ঞাপন জারি করে ওই নির্বাচনটি বাতিল করবে।
এর ফলে খালেদা জিয়া, তারেক রহমান, সাইফুর রহমানসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি ও জামায়াতের ১৭ জনের নির্বাচিত হওয়ার বিষয়টিও বাতিল হয়ে যাবে।
কমিশনের একটি সূত্র মতে, এই ১৭ জন ছাড়াও ২৮৩ টি আসনের এক হাজার ৫৪৮ জন প্রার্থীর কাছ থেকে জামানতের জন্য জনপ্রতি যে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে, কমিশনকে তা ফেরত দিতে হবে।
