পরিচয়পত্র দিয়েই নির্বাচন করতে চায় সরকার
ভোটার পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র দিয়েই নির্বাচন করতে চায় ফখরুদ্দীন আহমদের সরকার। আর একাজে সময় লেগে যেতে পারে কমপক্ষে ছয়মাস।
উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার পরিচয়পত্র হচ্ছে এখন জনগণের দাবি। রাজনৈতিক দলের দাবির চেয়েও তারা জনগণের দাবিকেই প্রাধান্য দেবেন।
উপদেষ্টা তপন চৌধুরী বৃহস্পতিবার তার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “দুই ধরনের পরিচয়পত্রের মধ্যে সরকার জাতীয় পরিচয়পত্রকেই অগ্রাধিকার দেবে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। এ নিয়ে বিভিন্ন দেশী--বিদেশী সংস্থার সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন,“ অনেক সংস্থাই ছয় মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব বলে মত দিয়েছেন। আমরা তাদের বক্তব্যের যথার্থতা যাচাই করে দেখছি। জাতীয় পরিচয়পত্র দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে পারলেই ভাল হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“ প্রধান দুই রাজনৈতিক জোট দ্রুত নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকার দাবি জানালেও জনগণের দাবি হচ্ছে পরিচয়পত্র দেওয়া। আমরাও পরিচয়পত্র দিতে চাই।”
