জরুরি অবস্থাকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখছে চারদল
কয়েকটি রাজনৈতিক দলের ‘সহিংস কর্মসূচির’ কারণে দেশে যে জরুরি অবস্থা জারি হয়েছে তা সাময়িক ব্যবস্থা হবে বলেই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট মনে করে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার রাতে চার দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার পর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বনানীর হাওয়া ভবনে রাত আটটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের ‘গণতান্ত্রিক ধারা ব্যহত করতে’ কয়েকটি রাজনৈতিক দলের ওইসব কর্মসূচির নিন্দা জানিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।
বৈঠকের পর সাংবাদিকদের দেওয়া বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক ধারা ব্যাহত করার লক্ষে কতিপয় রাজনৈতিক দল যে কর্মসূচি চালিয়েছে তার নিন্দা জানানো হয়েছে সভায়। রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণাকে সাময়িক ব্যবস্থা হিসেবে বিবেচনা করে নবম সংসদ নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বৈঠকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহীদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি নাজিউর রহমান মঞ্জুর, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী এবং খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার পর চার দলীয় জোট শরিকদের সঙ্গে খালেদা জিয়ার এটাই ছিল প্রথম বৈঠক।
