২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন স্থগিত না বাতিল জানি না : মাহফুজ

বাইশ জানুয়ারির নির্বাচন করতে না পারলেও এর দায়ভার নিতে রাজি নন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান। তিনি বলেন আমরা আদৌ ব্যর্থ হইনি। অনেক বাধার কারণে শেষ পর্যন্ত নির্বাচন নির্ধারিত সময়ে হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, নির্বাচন স্থগিত না বাতিল সে প্রশ্নের উত্তরও তাদের জানা নেই।

নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় আপনারা কী ব্যর্থÑ এ প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান বলেন, “আমরা কখনো ব্যর্থ হই না। আমরা অনেক বাধার মুখে পড়ি।  তর্ক -- বিতর্কের উর্ধ্বে আমরা তো অনেক কিছু করেছিলাম।”

২২ জানুয়ারির নির্বাচন প্রক্রিয়া স্থগিত করার বিষয়ে কমিশন কোনো প্রজ্ঞাপন জারি করছে কী না --  জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন  রেখে বলেন, “জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রপতি নিজেই প্রজ্ঞাপন জারি করেছেন। এ অবস্থায় সভা -- সমাবেশ নিষিদ্ধ; তাহলে ভোট হবে কীভাবে?”

তিনি বলেন, “ নির্বাচন স্থগিত না বাতিলÑএ প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই; ওনারা (উপদেষ্টারা) বলবেন। যেহেতু জরুরি অবস্থা জারি রয়েছে, তাই আমাদের অনেক বাধ্যবাধকতা আছে।”

২২ জানুয়ারির নির্বাচন ‘স্থগিত’ না  ‘বাতিল’ ঘোষণা করা হবে -- সে প্রশ্নে আলোচনার জন্য প্রধান দু’টি রাজনৈতিক দলকে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশন এখন দলগুলোর সম্মতির অপেক্ষায় রয়েছে। তবে এখনো দল দুটিকে কোন চিঠি পাঠানো হয়নি। এর কারণ জানতে চাওয়া হলে মাহফুজুর রহমান বলেন, “সবুরে মেওয়া ফলে। এতো হুড়োহুড়ির কী আছে। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা বললেই তো তারা আসবে না। তাদেরও তো কাজের চাপ, মেজাজ -- মর্জি আছে।”

প্রসঙ্গত, কমিশন গত রোববার থেকে বলছে, তারা আলোচনার জন্য দল দু’টিকে ‘আজকালের’ মধ্যে ডাকবে।