নতুন তিন উপদেষ্টা জানেন না নির্বাচন কবে হবে
দ্বিতীয় দফায় নিয়োগ পাওয়া তত্ত্বাবধায়ক সরকারের তিনজন উপদেষ্টার কেউই জানেন না নির্বাচন কবে হবে। একইভাবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন হতে পারে তা-ও জানেন না তারা। তবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য উপদেষ্টা পরিষদ অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেছেন তিনজনই।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল নফহবংি২৪.পড়স কে বলেন, “উপদেষ্টারা কত দিনের জন্য দায়িত্ব নিয়েছেন সে সম্পর্কে আমরা কিছুই জানি না।”
অপর এক প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, প্রয়োজনের তাগিদেই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজন ফুরিয়ে গেলে তা প্রত্যাহার করে নেওয়া হবে।
বুধবার দুপুরে সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা সাংবাদিকদের বলেন।
পুলিশের সাবেক এই কর্মকর্তা আরও বলেন,“আমাদের মূল কাজই হলো দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা। এর জন্য দ্রুততার সঙ্গে সমস্ত আয়োজনের কাজ চলছে।”
তিনি বলেন,“ভোটার তালিকা, পরিচয় পত্র তৈরির বিষয়ে পরীক্ষা-- নিরীক্ষা চলছে। এ জন্য যতটা সময় লাগবে তা রাজনৈতিক দলগুলো দেবে কি না সেই বিষয়ে দলগুলোর সঙ্গে আলাপ করা হচ্ছে।”
এদিকে পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে কিনা-- সাংবাদিকদের এমন এক প্রশ্নে “বিষয়টি অপ্রাসঙ্গিক” বলে এড়িয়ে যান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান বলেন, “নির্বাচন কবে হবে সেটা বলা না গেলেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা তাই করবো। তবে আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে।”
তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের নির্দিষ্ট মেয়াদ কতদিন তা জানি না। সেটা আমাদের জানানো হয়নি। আমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। তবে আমাদের মুখ্য উদ্দেশ্য সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করা। আমরা আশাবাদী নির্বাচন সংক্রান্ত কাজগুলো দ্রুতই শেষ হবে।”
মতিউর রহমান বলেন, “আমরা একটি ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছি। এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়নি। তাই তত্ত্বাবধায়ক সরকারের নবনিযুক্ত উপদেষ্টারা কতদিনের জন্য দায়িত্ব নিয়েছেন এবং কতদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।”
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,“বর্তমান অবস্থায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকা সংশোধন, ভোটার পরিচয় পত্র প্রদান, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সন্ত্রাস ও কালো টাকা এবং পেশি শক্তি প্রভাবমুক্ত করার বিষয়টি এখন সামনে চলে এসেছে। এজন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ”
শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী নির্বাচন প্রসঙ্গে নফহবংি২৪.পড়স কে বলেন,“নির্বাচন কবে হবে, কতদিনের মধ্যে হবে এই বিষয়ে আমরা কিছুই জানি না। নির্বাচন নিয়ে যা বলার তা বলবেন প্রধান উপদেষ্টা অথবা তথ্য উপদেষ্টা।”
কথা প্রসঙ্গে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, “প্রধান উপদেষ্টা তার একজন পেশাদার মুখপাত্র খুঁজছেন। শিগগিরই তাকে নিয়োগ দেওয়া হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে তিনি সাংবাদিকদের অবহিত করবেন।”
এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন,“কয়েকদিন হলো লক্ষ করা যাচ্ছে একটি বিষয়েই একেক উপদেষ্টা একেক রকম মন্তব্য করেছেন। একজন মুখপাত্র নিয়োগের পর আর এমন হবে না বলেই আশা করছি।”
তিনি সাংবাদিকদের জানান, এখন থেকে উপদেষ্টা পরিষদের কোনো সভা ডাকা হলে সেই খবর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
