২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপ সচিবের বদলির আদেশ বাতিল

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক হিসেবে তিন উপ-- সচিবের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের শেষদিন বৃহস্পতিবারের তারিখ দিয়ে গত শনিবার ওই তিন কর্মকর্তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক হিসেবে বদলি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সংস্থাপন মন্ত্রণালয় থেকে সোমবার ওই তিনজনের বদলির আদেশ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। কর্মকর্তারা হলেন- সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আবদুল খালেক, সিদ্দিক উল্লাহ ভূঁইয়া এবং ওমর ফারুক।

বিগত সরকারের আমলে বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী ওই তিন কর্মকর্তা বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার আমলে ওএসডি হন।

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়ার দিন ওই তিন কর্মকর্তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেন।

শুক্রবার নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর সোমবার ওই তিন কর্মকর্তার বদলির আদেশটি স্থগিত হয়।

এ ছাড়াও নির্বাচনী ব্যালট পেপারসহ বিভিন্ন মুদ্রণ কাজ পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থাপন মন্ত্রণালয়ের ছয়জন উপ--সচিবকে সোমবার তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ওই ছয় উপসচিবকেই তাদের আগের পদে ফেরত পাঠানো হয়েছে।

ওই ছয় কর্মকর্তা হলেন- ওয়াহিদুল ইসলাম খান, ইলিয়াস ভূইয়া, ড. মোহাম্মদ আবদুস ছালাম, আমিনুর রহমান, মোশতাক হাসান ও খোরশিদ আলম।