২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার কাছে থাকলো মন্ত্রিপরিষদ, সংস্থাপন, স্বরাষ্ট্র ও নির্বাচন কমিশন সচিবালয়

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 03:40 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে এ দায়িত্ব বণ্টনের নির্দেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন সংস্থাপন সচিব আলী ইমাম মজুমদার। জানাচ্ছেন এহসানুল হক।

ব্যারিস্টার মইনুল হোসেনকে দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ, গৃহায়ন ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব।

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম পেয়েছেন অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

এম এ মতিন পেয়েছেন যোগাযোগ, নৌ পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

তপন চৌধুরীকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

গীতিআরা সাফিয়া চৌধুরী পেয়েছেন শিল্প, বস্ত্র ও পাট, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রজ্ঞাপনে জানানো হয়, এখনও যেসব মন্ত্রণালয় বা বিভাগ বণ্টন করা হয়নি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলো প্রধান উপদেষ্টার অধীনে থাকবে।

রোববার প্রায় তিন ঘণ্টা স্থায়ী বৈঠক থেকে বেলা আড়াইটার দিকে বেরিয়ে উপদেষ্টাদের মাঝে দপ্তর বণ্টনের কথা সাংবাদিকদের জানান উপদেষ্টা এম এ মতিন। অবশ্য কে কোন দপ্তর পেলেন সে সম্পর্কে কিছু না জানিয়ে বলেন, “একটু অপেক্ষা করুন, শিগগিরই আপনাদের জানিয়ে দেওয়া হবে।”

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক বসে।

এম এ মতিন সাংবাদিকদের বলেন, দ’ুয়েকদিনের মধ্যেই আরও পাঁচ উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে। বৈঠকের বিষয় সম্পর্কে তিনি বলেন, আইন-শৃঙ্খলা, নির্বাচনসহ সার্বিক সব বিষয়ে আলোচনা হয়েছে। অন্য চার উপদেষ্টা বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শনিবার রাতে শপথ নেওয়া পাঁচ উপদেষ্টা ইত্তেফাক এর ব্যারিস্টার মইনুল হোসেন, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বিজ্ঞাপন উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এম এ মতিন ও স্কয়ার গ্র“পের তপন চৌধুরী উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের একেবারে শেষ পর্যায়ে সেখানে যান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান ও সচিব আবদুর রশীদ সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা যায়, সকাল থেকেই প্রধান উপদেষ্টা যমুনায় বিভিন্ন দাপ্তরিক কাজ করছেন। বেলা ১১টায় তিনি তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসেন।