মন্ত্রিপরিষদ, সংস্থাপন, স্বরাষ্ট্র ও নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ দায়িত্ব বন্টনের নির্দেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন সংস্থাপন সচিব আলী ইমাম মজুমদার।
রোববার বেলা আড়াইটায় প্রায় তিন ঘন্টা স্থায়ী এ বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের দপ্তর বন্টনের কথা আগেই জানিয়েছিলেন উপদেষ্টা এম এ মতিন। কে কোন দপ্তর পেলেন সে সম্পর্কে তিনি বলেন, “একটু অপেক্ষা করুন, শিগগিরই আপনাদের জানিয়ে দেওয়া হবে।” জানাচ্ছেন এহসানুল হক।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বেলা সাড়ে এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক বসে।
এম এ মতিন সাংবাদিকদের বলেন, দ’ুয়েকদিনের মধ্যেই আরও পাঁচ উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে। বৈঠকের বিষয় সম্পর্কে তিনি বলেন, আইন-শৃঙ্খলা, নির্বাচনসহ এবং সার্বিক সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্য চার উপদেষ্টা বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শনিবার রাতে শপথ নেওয়া পাঁচ উপদেষ্টা ইত্তেফাক এর ব্যারিস্টার মইনুল হোসেন, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বিজ্ঞাপন উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) এম এ মতিন এবং স্কয়ার গ্র“পের তপন চৌধুরী উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন। আর বৈঠকের একেবারে শেষ পর্যায়ে সেখানে যোগ দেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান এবং সচিব আবদুর রশীদ সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা যায়, সকাল থেকেই প্রধান উপদেষ্টা যমুনায় বিভিন্ন দাপ্তরিক কাজ করেছন। বেলা এগারোটায় তিনি তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসেন।
