নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তৎপর কূটনীতিবিদরা
নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বৃহস্পতিবার জোর তৎপরতা চালিয়েছেন কূটনীতিকরা। ঢাকায় কর্মরত কুটনীতিবিদদের সংগঠন টিউয়েসডে গ্র“পের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দুটি প্রতিনিধি দল আলাদা বৈঠক করেছে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, জাপানের রাষ্ট্রদূত মাসাইয়ুকি ইনোউয়ি, জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেয়েক এবং ঢাকায় ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান স্টিফেন ফ্রোয়েন উপস্থিত ছিলেন।
টিউয়েসডে গ্র“পের বর্তমান আহ্বায়ক কানাডীয় রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসনের বারিধারার বাড়িতে বিকেল ৪টায় আব্দুল জলিলের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল বৈঠক শুরু করে। তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।
নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এক সদস্য নফহবংি২৪.পড়স কে বলেন, রাষ্ট্রদূতরা শুধু জানতে চেয়েছেন, কী শর্ত পূরণ করলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে?
আওয়ামী লীগ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম এবং জাফরুল্লাহ।
পরে বিকেল পাঁচটায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল সেখানে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেন।
বিএনপি প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমাদ, মোরশেদ খান ও রিয়াজ রহমান।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোন কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। মান্নান ভূঁইয়াও এ বিষয়ে কিছু বলতে চাননি।
