ঢাবিতে ছাত্রলীগের মিছিল সমাবেশ
২২ জানুয়ারির নির্বাচন বর্জনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কর্মীরা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের কুশপুত্তলিকা দাহ করে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাবি শাখা ছাত্রলীগের নেতা-- কর্মীরা টিএসসি মোড় থেকে মিছিল বের করে শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি সোহেল রানা টিপু বলেন, বিতর্কিত রাষ্ট্রপতির অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে কোন মূল্যে এই নির্বাচন প্রতিহত করা হবে।
এদিকে, ১৯ নভেম্বর থেকে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন বর্ষের পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয়েছে। ১১ জানুয়ারি থেকে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ ১৪ জানুয়ারি পর্যন্ত আবার সব পরীক্ষা স্থগিত করেছে।
