চট্টগ্রামে পাঁচ পুলিশ কর্মকর্তার আদালতে ক্ষমা প্রার্থনা
চার্জশিট দিতে সময়ক্ষেপনের দায় স্বীকার করে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা ঘটনার তদন্তকারী পাঁচ কর্মকর্তা সোমবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশ জুড়ে বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে দায়েরকৃত সাত মামলার ৫ জন তদন্তকারী কর্মকর্তা সোমবার মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেনের আদালতে একসঙ্গে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন।
তারা তদন্ত শেষ করার জন্য আরো এক সপ্তাহ সময় চেয়ে আদালতকে জানান, ১৪ জানুয়ারির মধ্যে তারা সাতটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এ ব্যাপারে আদালত নতুন কোনো নির্দেশ না দিয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত রায় প্রদান মুলতবি রাখেন।
তদন্তকারী কর্মকর্তারা হলেন-বন্দর ও পাহাড়তলী থানা মামলার আইও দীপক চন্দ্র, পাঁচলাইশ ও কোতোয়ালী থানা মামলার আইও আব্দুর রহিম, কোতোয়ালী থানা মামলার আইও হিমাংশু কুমার দাস, বাকলিয়া থানা মামলার আইও সগির আহমদ এবং হালিশহর থানা মামলার আই ও রতন কুমার নাথ।
এরা সবাই ডিবি পুলিশের ইন্সপেক্টর।
তারা আদালতের আগের শোকজেরও জবাব দেন।
সিরিজ বোমা হামলার পর চট্টগ্রামে আটটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হলেও বাকি সাতটির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এতদিনেও দাখিল করা হয় নি।
এই সাতটি মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল পাঁচ জনকে। এর মধ্যে একবার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হলেও আদালত তা অপূর্ণাঙ্গ বলে বাতিল করে দেন।
আদালত সে সময় গত বছরের ২৮ নভেম্বরের মধ্যে পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন। এই পাঁচ কর্মকর্তা এ সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে আদালত ২৮ নভেম্বর তাদের শোকজ করে এবং স্বশরীরে হাজির হতে নির্দেশ দেন।
