নতুন উদ্যোগের সফলতা নিয়ে উপদেষ্টা ধীরাজের সংশয়
রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে নেওয়া নতুন উদ্যোগের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের নতুন উদ্যোগের সময় এবং প্রেক্ষিতটা ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, “সময় খুবই কম। হাতে যে সময় আছে এর মধ্যে নতুন আলোর সন্ধান পাওয়ার সম্ভাবনা ক্রমশই কমে যাচ্ছে।”
তবে উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ধীরাজ কুমার নাথ বলেন, নির্বাচনের সময় বাড়ানোর ব্যাপারেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে তিনি সব রাজনৈতিক দল, সুশিল সমাজকে তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করার আহবান জানান।
তিনি বলেন, রাজনীতিবিদরা তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন তারা দুই মেরুতে অবস্থান করছেন।
নতুন উদ্যোগ কার্যকর না হলে উপদেষ্টারা ব্যর্থ হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধীরাজ কুমার বলেন, “আমাদের ব্যর্থতা বলবো না। আমরা সফল হয়েছিলাম। রাজনৈতিক দলগুলোর সমস্যা আমরা চিহ্নিত করতে পেরেছিলাম বলেই তারা সবাই মনোনয়নপত্র জমা দিয়েছিল। কিন্তু এখন নতুন করে পরিস্থিতি জটিল হয়েছে।”
সোমবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
বর্তমান রাজনৈতিক সংকটের জন্য উপদেষ্টা পরিষদ দায়ী কিনা এমন প্রশ্নের জবাবে ধীরাজ কুমার বলেন, “অবশ্যই আমরা দায়ী নই।”
প্রধান উপদেষ্টা এর জন্য দায়ী কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে আমি কোন মন্তব্য করবো না।”
