২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারি নির্বাচন হবে না: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

রোববার রাতে তার গুলশানের বাড়িতে মহাজোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে জোটের সমন্বয়ক সাংবাদিকদের আরও জানান, তারা জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে “প্রহসনের” এই নির্বাচন প্রতিহত করবেন।

নির্বাচন পেছানো নিয়ে কয়েকজন কূটনীতিকের উদ্যোগের ব্যাপারে অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, “তাদের উদ্যোগ বা কথায় নির্বাচন পেছাবে না। আমাদের নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত আমরাই নেবো।”

কয়েকজন উপদেষ্টা বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার সঙ্গে দেখা করেছেন- তাদের সঙ্গেও তারা কথা বলবেন কিনা জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তাদের সঙ্গে কোনো উপদেষ্টার যোগাযোগ হয়নি।”

অবরোধ কর্মসূচির প্রথম দিন সফলভাবে পালন করায় তিনি জনগণকে ধন্যবাদ জানান।

অবরোধের সময় রাস্তায় আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আচরণকে তিনি অনভিপ্রেত বলে আখ্যায়িত করেন।

সশ্বস্ত্র বাহিনীর কর্মকর্তা ও জোয়ানদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন কারো কোনো অসৎ উদ্দেশে ব্যবহার না হন।

তিনি বলেন, রাষ্ট্রপতি সশ্বস্ত্র বাহিনীকে জনগণের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন।

আব্দুল জলিল শিক্ষকদের ২২ জানুয়ারির নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত না করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তিনিই সব সমস্যার মূলে। তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করলে জাতির আজ এ অবস্থা হতো না।”

রাষ্ট্রপতি সংবিধানের অপব্যাখা দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।

বৈঠকে আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, এলডিপি মহাসচিব আব্দুল মান্নান ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।