খালেদার সঙ্গে আনোয়ার চৌধুরী ও বিউটেনিসের প্রায় ঘন্টাব্যাপী বৈঠক
খালেদা জিয়ার সঙ্গে হাওয়া ভবনে ৫০ মিনিটের বৈঠক করেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী ও প্যাট্রিসিয়া বিউটেনিস।
রোববার রাতে হাওয়া ভবনের এ বৈঠক থেকে বেরিয়ে আনোয়ার চৌধুরী কোনো মন্তব্য করবেন না ইঙ্গিত করে শুধু বলেন, “নো কমেন্টস” । প্যাট্রিসিয়া কোনো কথাই বলেননি।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি সূত্র জানিয়েছে, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতেই তারা হাওয়া ভবনে যান। একই উদ্দেশ্যেই শনিবার রাতে তারা সুধাসদনে মহাজোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
