ঢাকায় নতুন ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী শনিবার ঢাকায় এসেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাঙালি এ কর্মকর্তা বীণা সিক্রির স্থলাভিষিক্ত হচ্ছেন।
ভারতীয় হাই কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র নফহবংি২৪.পড়স-- কে জানায়, পিনাক রঞ্জন আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। এ বিষয়ে ভারতের নতুন রাষ্ট্রদূত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
গত ডিসেম্বরে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। ঢাকায় এটা হবে তার দ্বিতীয় নিয়োগ। এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কূটনীতিক হিসেবে পিনাক রঞ্জন চক্রবর্তী লন্ডন, করাচি, তেল আবিব ও জেদ্দায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে তিনি হবেন তৃতীয় বাঙালি রাষ্ট্রদূত। এর আগে সমর সেন ও দেব মূখার্জি ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙ্গিয়ে শিব শঙ্কর মেননকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেয়ায় আগাম অবসরের সিদ্ধান্ত নেন বীণা সিক্রি। ফলে তার পদটি শূণ্য হয়। গত বছরের নভেম্বরে বীণা সিক্রি ঢাকা ছাড়েন।
