২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী পর্যবেক্ষক দল প্রত্যাহার করতে পারে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শনিবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রক্রিয়া ব্যর্থ হলে গণতান্ত্রিক ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আর্ন্তজাতিক পর্যায়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যাবে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা করা হচ্ছে ইইউ পর্যবেক্ষক দলের কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 07:03 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান ফ্রাঙ্ক মেয়েক্ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশে সংসদ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে বড় দলগুলো ২২ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন গভীর উদ্বিগ্ন ও হতাশ।”

সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের পক্ষে প্রত্যাশা অনুসারে কার্যক্রম চালানো সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, পর্যবেক্ষকের দলের ভবিষ্যত এখন পুনর্বিবেচনাধীন।

ফ্রাঙ্ক মেয়েক্ আরো বলেন, “উদ্বেগের বিষয় হলো রাজনৈতিক দল ও ভোটারদের আস্থা সৃষ্টি জন্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ার প্রচেষ্টা এখনো সফল হয়নি। এর ফলে বাংলাদেশের জনগণের ভোট দেয়ার গণতান্ত্রিক অধিকারের প্রতি হুমকি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষেত্রেও অস্থিতিশীলতা দেখা দিতে পারে।” 

জার্মানির রাষ্ট্রদূত বলেন, “গণতন্ত্রের আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত মান উপযোগী ও বাংলাদেশের জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে সক্ষম একটি সমাধানে পৌঁছানোর জন্য সব রাজনৈতিক দল, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে জরুরি ভিত্তিতে ও একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে ইইউ। এছাড়া তারা সমঝোতার মনোভাব নিয়ে এবং সহিংসতা এড়িয়ে সমাধানে পৌঁছানোর জন্যও নির্বাচনের সঙ্গে যুক্ত সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।”