২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ ৯ তারিখ পর্যন্ত বাড়তে পারে: জলিল

মহাজোটের ডাকা ৭ ও ৮ জানুয়ারির অবরোধ কর্মসূচি প্রয়োজনে ৯ তারিখ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জোটের সমন্বয়ক আবদুল জলিল জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 10:47 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে পল্টনের মহাসমাবেশ থেকে জোট নেতারা অন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।    

প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নির্বাচনী কাজে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জলিল বলেন, “যারা এই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হবেন তারা গণশত্র“ হিসেবে বিবেচিত হবেন। আর এর জন্য যদি আপনারা জনরোষের শিকার হন, তার দায় দায়িত্ব আপনাদেরই।”

ব্যালট পেপার ছাপানোর দায়িত্বে থাকা প্রেস মালিকদের প্রতি তিনি বলেন, “এই অবৈধ নির্বাচনের ব্যালট ছাপানো থেকে আপনারা বিরত থাকুন।”

শুক্রবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের গুলশানের বাসায় জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, এলডিপির মহাসচিব আব্দুল মান্নান ও জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।   

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধের সময় দেশের সব মহাসড়ক, জেলা ও উপজেলা পর্যায়ের সংযোগ সড়ক, নৌ-পথ, রেলপথ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া দেশের দুটি সমুদ্র বন্দর মংলা ও চট্টগ্রামের সব কাজ অচল করে দেওয়া হবে।

তবে হজযাত্রী পরিবহণের কাজে ব্যবহৃত সব যানবাহন, হাসপাতাল, ওষুধের দোকান, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী সব গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।   

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ ও সংবিধান অনুযায়ী নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ করতে হবে। ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নির্ভূল তালিকা করতে হবে”

তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি ২২ জানুয়ারির নির্বাচনী তফসিল বাতিল করে নতুন করে তা ঘোষণারও আহ্বান জানান।

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখী দাঁড় করানোর চক্রান্ত চলছে অভিযোগ করে জলিল বলেন, “এই সিদ্ধান্ত হবে আত্মঘাতী। অতএব এ থেকে বিরত থাকুন। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করবেন না। কারণ এর ফলাফল কখনোই ভালো হবে না।”