প্রহসনমূলক কোনো নির্বাচন এদেশে হবে না: হাসিনা
নিজের জীবন দিয়ে হলেও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন শেখ হাসিনা।
হাসিনা বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে বলেছেন, “আমার জীবন থাকতে জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। প্রহসনমূলক কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং জনগণও তা মানবে না।”
একইসঙ্গে আওয়ামী লীগসহ মহা জোট ক্ষমতায় এলে কি করা হবে তারও বর্ণনা দিয়েছেন শেখ হাসিনা।
২২ জানুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণার একদিন পরেই আজ সকালে ছাত্রলীগের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি হয়েছে কোনো রকম জাঁকজমক ছাড়াই ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা বলেন,“নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চাই।”
ইয়াজউদ্দিন আহম্মেদের উদ্দেশে তিনি বলেন,“আপনি শিক্ষক মানুষ, কতগুলো চোরকে ভোট চুরি করে ক্ষমতায় বসানোর চেষ্টা করবেন না। আপনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে মহাজোটের দাবি বাস্তবায়ন করুন।”
ভোটের অধিকার নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে রাজপথে নেমে এসে চলমান আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহবানও জানান শেখ হাসিনা।
আওয়ামী লীগসহ মহাজোট আগামিতে সরকার গঠন করলে রাষ্টীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণের আশ্বাস দিয়ে তিনি বলেন,“শিক্ষা,স্বাস্থ্য থেকে শুরু করে সব সেবামূলক খাত জেলা ও উপজেলা পরিষদের হাতে ন্যস্ত করা হবে। এমপিরা শুধু আইন ও বাজেট প্রনয়ন এবং পর্যবেক্ষণ করবেন।”
স্নাতক পর্যন্ত সবার জন্য বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করার ঘোষণা দিয়ে হাসিনা বলেন, “আমরা চাই প্রতিটি পরিবারের সন্তানরা শিক্ষিত হোক।”
আওয়ামী লীগ সভানেত্রী জানান, শ্রীলংকা,যুক্তরাজ্য ও বিভিন্ন ইউরোপীয় দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামিতে অবশ্যই অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি বলেন,“আমি অতো পড়াশুনা জানা নই। আমি অতো বড় অর্থনীতিবিদও নই। কিন্তু, মানুষের ভালো কীভাবে হবে সেটা আমি জানি।”
নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার সপক্ষে যুক্তি উপস্থাপন করে শেখ হাসিনা বলেন,“আমাকে আমার দল ও জোটের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, কেন আমি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিলাম। তখন আমি বলেছিলাম, উনি শিক্ষক মানুষ দেখি হয়ে কি করেন। কিন্তু উনি হয়ে গেলেন ইয়েসউদ্দিন। কোনো একটা কাজের আগে হাওয়া ভবনের টেলিফোনের অপেক্ষায় থাকেন।”
রাষ্টপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার অপেক্ষায় আছেন এই অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন,“আমরা আপ্রাণ চেষ্টা করেছি নির্বাচন করার। আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। যখন দেখেছি আমরা বিরাট একটা প্রহসনে পড়ে যাবো তখনই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি।”
তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “ঐক্যবদ্ধ হতে হবে।একটা মহৎ অর্জনের জন্য মহৎ আত্মত্যাগ দরকার। ঘোষিত কর্মসূচী সফল করতে সবার ঘরে ঘরে যেতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন এবং পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে শাহে আলম, অসীম কুমার উকিল ও এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।
