২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যে নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা, বিতর্ক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বর্জনের ঘোষনা দেয়ায় সংবিধানে বর্ণিত ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও সাংবিধানিক বিতর্ক দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এ প্রসঙ্গে সাবেক বিচারপতি নাঈমুদ্দিন আহমেদ বুধবার সাংবাদিকদের বলেছেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি বাধ্যতামুলক নয়, নির্দেশনামূলক। তারপরও  রাষ্ট্রপতি এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন।  

তিনি আরও বলেন, “সুূষ্ঠু ভোটার তালিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারেনা। এ পর্যন্ত সুষ্ঠু কোন ভোটার তালিকা তৈরি করা হয়নি। এ অবস্থায় রিটার্নিং অফিসার কিভাবে মনোনয়নপত্র বাছাই করেন ? তাই ২২ জানুয়ারি নির্বাচন হলে তা হবে বেআইনী।”   

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট বলে আসছে যে সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করলে দেশে যদি সাংবিধানিক সংকট দেখা দেয় সেজন্য তারাই দায়ী থাকবে।

তবে প্রবীণ আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, সংবিধান অনুযায়ী, জনগনের স্বার্থে ওই সময় সীমার পরও নির্বাচন হতে পারে। সুষ্ঠু ভোটার তালিকা তৈরির আগে তফসিল ঘোষনাসহ নির্বাচনী কার্যক্রমকেও তারা বেআইনী বলে উল্লে¬খ করেন।

তারা আরও বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে মহাজোটের অংশগ্রহণ ছাড়াই ২২ জানুয়ারী নির্বাচন হলে যেমন তা গ্রহণযোগ্য হবে না, তেমনি রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সৃষ্টি হবে নতুন সাংবিধানিক সংকট।

সেই সংকট সৃষ্টির আগেই তত্ত্বাবধায়ক সরকার আন্তরিক হলে বিষয়টির মীমাংসা করা যেতে পারে উচ্চ আদালতে।

আইনজীবী ড. এম জহির বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ছাড়া একতরফা নির্বাচন হলে তা ‘ইলেকশন’ হবে না হবে ‘সিলেকশন’।

৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বিধানকে তিনিও বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক বলে অভিহিত করেন।

আরেক আইনজীবী ড. শাহদীন মালিক সংবিধানের ৭ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, জনগন সব ক্ষমতার মালিক। জনগন যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন তাহলে তা হবে সংবিধানের বরখেলাপ।

তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া একতরফা নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবেনা।

তিনি অবশ্য ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধানকে বাধ্যতামূলক বলে উল্লে¬খ করেন। তবে ড. মালিক এ কথাও বলেন যে যেন তেন নির্বাচন নয়, গ্রহনযোগ্য নির্বাচন হতে হবে।

বিএনপি - জামায়াত জোট সরকারের ক্ষমতা ত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার গঠন, নির্বাচন কমিশন সংস্কার, সুষ্ঠু ভোটার তালিকা তৈরিসহ নানা বিষয় নিয়ে প্রথম থেকেই বিতর্ক ও আন্দোলন চলছে ।

আন্দোলনরত দলগুলোর দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিলে মহাজোট নির্বাচনে অংশ নেয়ার উদ্যোগ নেয়। এতে অনিশ্চিয়তা অনেকখানি কেটে যায়।

কিন্তু' ভোটার তালিকা নিয়ে সমস্যার সমাধান না হওয়ার পাশাপাশি জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের প্রার্থিতা বাতিল নিয়ে বিতর্কের কারণে শেষ পর্যন্ত বুধবার মহাজোট নির্বাচন বর্জনের ঘোষনা দেয়।