২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের উত্থাণে সাবেক স্বরাষ্ট্র সচিব জড়িত: ব্যারিস্টার জিয়া

ক্ষমতাসীন দলের একজন সাংসদ সাবেক সচিব ওমর ফারুকের বিরুদ্ধে স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালনকালে জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শনিবার ঢাকার ধামরাই এলাকায় প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের সমর্থকদের সাথে বিএনপি সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান খানের সমর্থকদের দিনভর সংঘর্ষের ঘটনার পর তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার জিয়া ও ওমর ফারুক উভয়েই ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সাংসদ ব্যারিস্টার জিয়া অভিযোগ করেন, ওমর ফারুক স্বরাষ্ট্র সচিব থাকাকালেই দেশে জঙ্গিদের উত্থাণ ঘটে। তার আশ্রয়েই জঙ্গিদের শীর্ষ নেতা বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান ধামরাই আসার সুযোগ পায়।

শনিবার রাতে বিডিনিউজ২৪.কম’র পক্ষ থেকে এই অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ওমর ফারুককে পাওয়া যায়নি।

দিনভর সংঘর্ষে দুপক্ষের সমর্থকরাই ব্যাপক অগ্নিসংযোগ, দোকানপাট ও যানবাহন ভাংচুর করে। উভয়পক্ষের পেশী শক্তি প্রদর্শনের এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় কমপক্ষে দু’ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দু’দিকেই যানজটের সৃষ্টি হয়।

বিএনপি সাংসদ সংঘর্ষের পূরো ঘটনার জন্য প্রাক্তন সচিব ওমর ফারুককে দায়ী করেছেন। তবে ওমর ফারুক অভিযোগ অস্বীকার করেছেন।

ওমর ফারুক এখনো বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তিনি স্বরাষ্ট্র সচিবের চাকরি থেকে গত ২০০৫ সালে অবসর নেন। এর আগে তিনি টেলিযোগাযোগ সচিব হিসেবেও কাজ করেন।

শনিবার রাতে ব্যারিস্টার জিয়াউর রহমান খান বিডিনিউজ২৪.কম-কে জানান, ‘ওমর ফারুকের আশ্রয়ে লালিত বিএনপি থেকে বহিস্কৃত সন্ত্রাসীরা আমার কর্মী ও সমর্থকদের ওপর আকস্মিক হামলা চালায়।’

ফারুককে দোষারোপ করে তিনি বলেন, একজন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব যদি এমন আচরণ করেন, তবে সাধারণ মানুষের কাছে থেকে জাতি কি আশা করতে পারে? তিনি এখনো চাকরিতে আছেন এবং চাকরিতে থেকেও প্রত্যক্ষভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত।

ঘটনার পর এর দায় অস্বীকার করে ওমর ফারুক সাংবাদিকদের বলেন, এলাকার লোকজন আমাকে সেখানে তাদের প্রার্থী হিসেবে দেখতে চায়। তারা আমার সমর্থনে মিছিল বের করে।

তবে তিনি সংঘর্ষের ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকার করেন।