২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ, ভাংচুর

শ্রমিক ছাটাই, বেতন ভাতাদি বৃদ্ধি এবং উৎপাদন প্রতি মজুরি বৃদ্ধিসহ আরও কয়েকটি দাবিতে শনিবার গাজীপুরের দুইটি গার্মেন্টসের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের পানিশাইল এলাকার মাছিছাতা সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা উৎপাদন প্রতি মজুরি বৃদ্ধি, সাপ্তাহিক ছুটি প্রদান ও কারখানার এজিএম মো. আশিকের অপসারনের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছে।

এ অবস্থায় শনিবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে কর্তৃপক্ষের কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা কারখানায় ইটপাটকেলও নিক্ষেপ করে। তবে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের শান্ত করতে সক্ষম হয়।

এদিকে আন্দোলনরত পাঁচ শ্রমিককে চাকুরিচ্যুত করার প্রতিবাদে শনিবার সকালে কালিয়াকৈরের বাড়ৈপাড়া এলাকাকায়  হে চং সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করে।  তারা চাকুরিচ্যুতদের পুনর্বহালসহ তিন দফা দাবিতে কারাখানার ফটকের বাইরে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করে। পরে পুলিশ ও র‌্যাবের মধ্যস্থতায় কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হয়। রোববার সকালে উভয়পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত থাকার অপরাধে পাঁচ শ্রমিককে কর্তৃপক্ষ ছাটাই করে।