২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি সপ্তাহেই সংলাপে বসছে দুই দল

চলতি সপ্তাহেই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে বহুল আলোচিত সংলাপ হতে পারে। বিএনপি জানিয়েছে, সংলাপে জোটের অবস্থান নিয়ে সোমবার শরিক মহাসচিবরা বৈঠক করবেন। এইচ এম এরশাদ সংলাপকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, এক্ষেত্রে তাদের মতামত নেওয়া হলে এ উদ্যোগ পুরোপুরি সফল হতে পারতো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

দুই দলের মধ্যে সংলাপ নিয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্রে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে বুধবারের মধ্যেই এই সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংলাপের জায়গা হতে পারে জাতীয় সংসদ ভবন।

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ফিরতি টেলিফোনে বিএনপি মহাসচিব আদুল মান্নান ভূঁইয়াকে সংলাপের বিষয়ে সম্মতি দেন।

গত শুক্রবার সকালে বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে টেলিফোন করে আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলন ঃ শনিবার মান্নান ভুঁইয়া ও আবদুল জলিল সংলাপের ব্যাপারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টেলিফোন করার পরে দুপুর দেড়টায় দিলকুশা মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের জানান, ‘আমি তাকে(মান্নান ভূঁইয়া) জানিয়েছি যে তার প্রস্তাবে আওয়ামী লীগ ও ১৪ দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সংস্কার বিষয়ে এখন আমরা আলোচনায় বসতে পারি।’

এদিকে বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী  আবদুল মান্নান ভুঁইয়া শনিবার বিকেলে সাংবাদিকদের আবদুল জলিলের ফিরতি টেলিফোন প্রাপ্তিতে আশাবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ সংলাপের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।

আবদুল জলিল সাংবাদিকদের জানান, ‘ আমরা দুপক্ষই কাল অথবা পরশু (রবিবার বা সোমবার) আলোচনায় বসার ব্যাপারে একমত হয়েছি। তবে সময় ও স্থান আমরা আলোচনা করেই নির্ধারণ করবো।’ একই আশাবাদ জানিয়ে মান্নান ভুঁইয়া বলেন, ‘আমি আশাবাদী যে ২/১ দিনের মধ্যে দিনক্ষণ ঠিক হলে খোলা মনে আমরা সংলাপে বসে একটা সমাধানে পৌঁছাতে পারব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপে কোনো শর্ত নেই্ সব ইস্যুতেই আলোচনা হবে। আলোচনার আগে আমরা নিজ নিজ দল ও জোটের সঙ্গে আলোচনা করেই বসব’।

আওয়ামী লীগের পক্ষ থেকে আবারো ফোন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল বলেন, ‘ বরফ যখন গলেছে তখন আবার ফোন করতে অসুবিধা কোথায়? প্রয়োজনে আবারো ফোন করবো।’

আবদুল জলিল বলেন, আলোচনার সাথে বিরোধী দলের আন্দোলন কর্মসূচিও অব্যাহত থাকবে। আলোচনার মাধ্যমে সমঝোতা হলে আন্দোলনের আর কোন প্রয়োজন থাকবে না।

মান্নান ভূঁইয়া এক প্রশ্নের জবাবে জানান, ‘জামায়াতে ইসলামী সংলাপের বিরোধী নয়। আওয়ামী লীগ যেমন ১৪ দলের সঙ্গে আলোচনা করেছে, আমরাও জামায়াতসহ অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা করেই সংলাপে বসব।’

বিএনপি মহাসচিব জানান,রোববার অথবা সোমবারের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে টেলিফোনে আলাপ করেই সংলাপের দিনক্ষন জায়গা নির্ধারণ করা হবে।

গত ১২ ফেব্র“য়ারি বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সংসদে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে বেশ কিছু প্রস্তাব দিলে প্রধানমন্ত্রীর নির্দেশে দু’দলের মধ্যে চিঠি চালাচালি শুরু হয়। তবে ওই প্রক্রিয়াও এক পর্যায়ে বন্ধ হয়ে যায়।

সর্বশেষ শীর্ষ ব্যবসায়ীদের উদ্যোগে দু’দলের মহাসচিব ও সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনার প্রস্তাব দেয়া হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যের পরই শুক্রবার বিএনপি মহাসচিব ফোন করে আলোচনার পথ খুলে দেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগেই সংস্কার প্রশ্নে ইতিবাচক কিছু করার প্রয়োজন হলে তা আগামী ১০ অক্টোবরের মধ্যেই করতে হবে। কারণ ১০ অক্টোবরের পর প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল কয়েকদিনের জন্য দেশের বাইরে থাকবেন।

এরশাদের প্রতিক্রিয়া ঃ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ দুই প্রধান দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানে সম্মতিকে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ইতিবাচক অগ্রগতি বলে দেখছেন। তবে তিনি বলেন, এই সংলাপ আরো সফল করতে জাতীয় পার্টিও অর্ন্তভূক্তি জরুরি ছিল।

শনিবার বিডি নিউজকে টেলিফোনে আরো বলেন, দুই দলের আলোচনায় তাদের মতামতগুলো অন্তর্ভুক্ত করলে সংলাপ আরো গ্রহণযোগ্য হতো।