২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর বিপনী কেন্দ্রগুলোতে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত

অব্যাহত বিদ্যুৎ সংকটের মুখে সরকার নগরীর জেনারেটরসমৃদ্ধ বিপনী কেন্দ্রগুলোতে প্রতিদিন চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে দোকান মালিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আবাসিক এলাকাগুলোতে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করার উদ্দেশ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক কর্মকর্তা জানান।

এ বিষয়ে বিদ্যুৎ সচিব আ.ন. হ আখতার হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এটা একটি সাময়িক সিদ্ধান্ত। এটা সর্বোচ্চ ১০ থেকে ১২ দিন স্থায়ী হতে পারে।

এদিকে সরকারের এই সিদ্ধান্তকে নগরীর দোকান মালিকরা অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

ঢাকা মহানগরী দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, নগরীতে প্রায় ৩৫০টি বিপনীকেন্দ্র রয়েছে। কিন্তু এদের মধ্যে মাত্র কয়েকটিতে নিজস্ব জেনারেটর রয়েছে।

আহমেদ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার একটি জরুরী বৈঠক ডাকা হয়েছে।

বিদ্যুৎ সচিব বলেন, নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রাউজান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবরাহসহ সরকার আরো কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, গ্যাস সরবরাহের মাধ্যমে জাতীয় গ্রীডে ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা সম্ভব হবে।

উল্লেখ্য নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে বিক্ষোভ, সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার ভোররাত থেকে রাজধানীর মিরপুর, শনির আখড়া, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, ধোলাইরপাড়, লালবাগ ও শনির আখড়াসহ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে দুই শতাধিক বিক্ষোভকারী আহত হন।

বিক্ষোভকারীরা কয়েকটি বিদ্যুত স্টেশনে হামলা চালায়। তারা শতাধিক গাড়ি ভাঙচুর এবং কমপক্ষে ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।