২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রশ্নে ইউনুসের ইচ্ছায় ঊন্নাসিক জলিল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোট গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউনুসকে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচনা করছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় বিরোধী জোটের সমন্বয়ক আব্দুল জলিল বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, আমরা ড. ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর কথা বিবেচনা করছি না।

প্রস্তাব দেওয়া হলে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে রাজী আছেন বলে বুধবার ড. ইউনুসের মন্তব্যের প্রেক্ষিতে আব্দুল জলিল একথা বলেন। রাজধানীতে সুশীল সমাজ আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে ড. ইউনুস ওই মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুসের মন্তব্যের সমালোচনা করে বলেন, তিনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে চান। এর চেয়ে এসব এজেন্ডা বাস্তবায়নে তার একটি রাজনৈতিক দল গঠন করা উচিত উল্লেখ করে জলিল বলেন, বিচার বিভাগ পৃথকীকরণ এবং দুর্নীতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো রাজনীতিকে উপেক্ষা করে বাস্তবায়ন করা সম্ভব নয়।

জলিল বলেন, আগে তিনি তার এজেন্ডাগুলো জাতির কাছে উপস্থাপন করুক। 

তিনি আরও বলেন, ১৪ দলীয় জোট নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে আওয়ামী লীগ যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করবে।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তার সংলাপের বিষয়ে জলিল বলেন, কেবলমাত্র ফটোসেশনের জন্য সংলাপ করার কোন অর্থ নেই।

জলিল বলেন, ‘আমি জানি কখন মান্নান ভূঁইয়া সংলাপের জন্য আমাকে ফোন করবেন। আমার বিশ্বাস, বিরোধী জোটের মতো ক্ষমতাসীন বিএনপিও চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন করতে চায়।’