২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে মিরপুর রণক্ষেত্র, ১ম লিড

বিদ্যুত সরবরাহের দাবিতে বৃহস্পতিবার ভোর রাত থেকে নগরীর মিরপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দুপুরে বিডিআর মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ভোর থেকেই দফায় দফায় এলাকাবাসী ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। আহত পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মিরপুর ও পল্লবীতে বৃহস্পতিবার পুলিশ কয়েক দফায় শ’খানেক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বরং বিক্ষুব্ধ জনতার সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো মিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০/১২ দিন ধরেই মিরপুর--পল্লবী এলাকায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা প্রকট আকার ধারণ করে। রমজান মাসে এ সমস্যা আরো বাড়লে বিক্ষুব্ধ জনতা বৃহষ্পতিবার রাতে পল্লবীর পূরবী সিনেমা হল এলাকায় বিদ্যুত অভিযোগ কেন্দ্র এবং মিরপুর ১৩ নম্বরে বিদ্যুত উপ কেন্দ্র ঘেরাও করে। তাদের দাবি, অন্তত সেহরীর সময় যেন বিদ্যুত সরবরাহ ঠিক রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভোর রাত ৩টার দিকে সেহরীর সময় লোকজন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে আসে। রাত ১টার দিকে মিরপুর ১০ ও এর আশেপাশে প্রথমদফায় দেড় ঘণ্টা ও পরে দফায় দফায় ১০ থেকে ১৫ বার বিদ্যুত চলে যায়। সেহরীর সময়ও বিদ্যুত না থাকায় লোকজন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে।

কিন্তু ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ভোর ৫ টার দিকে জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। জনতা সকালে পল্লবী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে হামলা চালায় এবং ১৩ নম্বর সেকশনের বিদ্যুত উপকেন্দ্রে অগ্নিসংযোগ করে।

এক পর্যায়ের বিক্ষোভরত জনতা মিরপুর বিদ্যুৎ কেন্দ্রের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও বেশ কিছু মই পুড়িয়ে দেয়। এ সময় জনতার দখলে চলে যায় মিরপুরের সব প্রধান সড়ক। জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। পুলিশের সাথে ইটপাটকেল বিনিময়ের ঘটনার পর পুরো মিরপুর--পল্লবী সড়ক টুকরো টুকরো ইটে ভরে যায়।

সংঘর্ষের সময় পুরো এলাকার দোকানপাট হয়ে যায় বন্ধ। বিক্ষুব্ধ জনতা রাস্তার দুপাশের বেশ কিছু ঝুপড়ি মুদি দোকানে আগুন দেয়। ব্যাপক সংখ্যায় দুপাশের দোকানপাটের নিয়ন সাইনবোর্ড ও জানালার কাঁচ ভাঙচুর করে।

বেলা ১টার দিকে পল্লবীর বেনারসী পল্লী এলাকায় র‌্যাব ও জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। র‌্যাব সেখানে দফায় দফায় লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেলা ২টার দিকে প্রধান সড়কগুলোতে টহল দিতে নামে বিডিআর সদস্যরা।

এদিকে বিক্ষোভরত জনতাকে প্রতিহত করতে পুলিশ শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে বেশ কয়েকজন আহত হয়। নিক্ষিপ্ত ইটের আঘাতে আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে সহকারি কমিশনার (মিরপুর) রায়হান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রব ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ রয়েছেন।

দাঙ্গা পুলিশের সাঁজোয়া গাড়ি আর ৩৫০ জনের র‌্যাব সদস্যের পিকআপ ভ্যান সাইরেন বাজিয়ে ঘন ঘন টহলে মানুষের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

সংঘর্ষের কারণে সকাল থেকে আগারগাঁও আবহাওয়া অফিস এলাকা থেকে পল্লবী ও মিরপুর ২ নম্বর স্টেডিয়াম এলাকা থেকে ১৩ নম্বর সেকশন এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ওই সব সড়কে অল্প কিছু রিকশা ও রিকশা ভ্যান চলাচল করে।

র‌্যাব--৪ এর সেকেন্ড ইন কমান্ড মেজর এহতেশামুস সামাদ বিডিনিউজ২৪ডটকমকে জানান, সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‌্যাব ওই এলাকায় টহল জোরদার করেছে। পুলিশ মিরপুর ১০ নম্বর সেকশনে ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে তিনি জানান।  

এদিকে বিদ্যুতের দাবিতে শুধু মিরপুরই নয়, বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, লালবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভরত জনতার সঙ্গে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচ্ছিন্ন সংঘর্ষ বাধে। এ সব এলাকায় বুধবার রাতেও জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।