২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারের আমলে জঙ্গিদের বিচারই শেষ হবে না!

বর্তমান সরকারের আমলে শায়খ ও বাংলাভাইসহ শীর্ষ সাত জঙ্গির বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে। যদিও এতোদিন মামলার বিচার শেষ ধরে নিয়ে এ সরকারের আমলেই মুত্যুদণ্ডাদেশ কার্যকর করা নিয়ে আলোচনা চলছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মানুষের তৈরি কোনো আদালতে আবেদন করবে না এমন দাবি করলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত জঙ্গির চারজনই শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করেছেন।

শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও তার প্রধান সহকারী সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই প্রচলিত নিয়মে আবেদন না করে পাঁচ ও ছয় পাতার একটি লেখনি কারা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। ওই লেখার বিষয়বস্তু অবশ্য ‘আপিল প্রসঙ্গে’।

সুপ্রিম কোর্টে এ মামলার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা বিডিনিউজকে বলেন, বার্ষিক অবকাশের পর ১৫ অক্টোবর আদালত খুললেও ২০ তারিখ ঈদের কারণে আদালত বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে এ আবেদনগুলোর শুনানি এ পাঁচ কর্মদিবসের মধ্যেই হতে হবে।

বর্তমান সরকারের সময় এ মামলার নিষ্পত্তি অসম্ভব হয়ে গেলো কি-না এ প্রশ্নের জবাবে হেলালউদ্দিন মোল্লা বলেন, ১৫ থেতে ১৯ এর মধ্যে মামলাটি নিষ্পন্নও হয়ে যেতে পারে। নামপ্রকাশে অনিচ্ছুক একজন সরকারি আইনজীবী অবশ্য স্বীকার করেছেন, এত বড় একটি মামলার শুনানি এত তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম।

শেষ সময়ে জঙ্গি নেতাদের আবেদনের প্রেক্ষাপট ও এর ফলাফল বর্ণনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আপিল বিভাগে আবেদন করা হয়েছে বলে এখন যেসব ধাপ পেরোতে হবে তা হলো পেপার বুক তৈরি, আবেদনকারীদের পক্ষে আইনজীবী নিয়োগ, সরকারপক্ষকে পেপারবুক সরবরাহ ইত্যাদি। শুনানি শুরু করা আগে এসব ধাপ অবশ্যই পেরোতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবগুলো মামলাই একসঙ্গে শুনানি করতে হবে বলে তা আপিল বিভাগের চেম্বার জজের কাছে পাঠানো হচ্ছে না বলে তিনি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগের সূত্রে জেনেছেন।

সুপ্রিম কোর্টের একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে চারজন পাঁচটি আপিল আবেদন কয়েছে। এর মধ্যে খালেদ সাইফুল্লাহ একটি জেল ও একটি নিয়মিত আপিল করেছে। ইফতেখার আল মামুন একটি জেল আপিল করেছেন। শায়খ ও বাংলা ভাইএর আবেদনও আপিল বলেই বিবেচিত হবে বলে হেলালউদ্দিন জানান।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২৭ অক্টোবর।

শুক্রবার সন্ধ্যায় শায়খ রহমান ও বাংলা ভাই কারা কর্তৃপক্ষের কাছে হাতে লেখা আবেদনপত্র  জমা দেন।