২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খের জামাতা আবদুল আউয়াল আপিল করবে না বলে লিখিত জানিয়েছে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর প্রধান শায়খ আবদুর রহমান এর জামাতা আবদুল আউয়াল মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে না বলে লিখিতভাবে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

অপরদিকে শায়খের ছোট ভাই ও জেএমবি এর সামরিক শাখার প্রধান আতাউর সানি কারা কর্তৃপক্ষকে জানিয়েছে যে সে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানাবে যে সে মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কি না। যদিও সে সানি ‘মানুষের তৈরি’ আদালতে আপিল করবে না বলে সোমবার আদালতে এক রায় ঘোষণার পর সাংবাদিকদের মন্তব্য করে।

ডিআইজি (প্রিজন্স-ঢাকা ডিভিশন) মেজর শামসুল হায়দার সিদ্দিকি বুধবার সকালে বিডিনিউজকে এ তথ্য জানান।

আবদুল আউয়াল এবং আতাউর রহমান সানি নিষিদ্ধ জেএমবি এর সাত সদস্যবিশিষ্ট মজলিশ---এ---শূরা (সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ) এর সদস্য।

এদিকে সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশের কার্যকারিতা স্থগিত সংক্রান্ত কোন চিঠি বুধবার সকাল ৯:৩০ পর্যন্ত ঢাকা অথবা কাশিমপুর জেল কর্তৃপক্ষের হাতে পৌছায়নি বলে তিনি বিডিনিউজ কে জানান।

মেজর সিদ্দিকি বলেন, শায়খ আবদুর রহমান ও তার প্রধান সহযোগী বাংলা ভাইকে রায় সংক্রান্ত কাগজপত্র দেওয়া হয়েছে। শীর্ষ দুই জঙ্গি আপিল সংক্রান্ত খসড়া তৈরী করেছে। তবে এই খসড়ায় তারা কি লিখেছেন এ বিষয়ে জঙ্গিরা কারা কর্তৃপক্ষকে কিছুই জানায়নি।

এদিকে জেএমবি এর অপর শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ এর আত্মীয় স্বজনরা রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি বিডিনিউজকে জানান। 

উল্লেখ্য, জেএমবি এর সদস্য ইফতেখার আল মামুনের আপিল আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সাত জঙ্গির মৃত্যুদন্ড কার্যকর স্থগিত করা হয়েছে।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমেদ সোমবার সাংবাদিকদের কাছে বলেছিলেন যে কারা বিধির বিধিনিষেধের কারণে রমজান মাসে জঙ্গিদের ফাঁসি কার্যকর করার বিধান নেই। তার এই বক্তব্যের দুই দিন পর বুধবার তিনি সংসদে স্বীকার করেন যে কারা বিধিতে এ সংক্রান্ত কোন বিধিনিষেধ নেই।

শায়খ রহমান ও বাংলা ভাই ঢাকার মিরপুরের পাইকপাড়ায় বিশেষ কারাগারে এবং আবদুল আউয়াল ও সানি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

অন্য দুজনের মধ্যে ফারুক হোসেন খান ওরফে খালিদ সাইফুল্লাহ ও ইফতেখার হাসান ওরফে আল মামুন কাশিমপুর জেলে। ‘গায়েরী এহসার’ সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফ পলাতক।

গত ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের সাত জঙ্গির ফাঁসির আদেশ নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি আদালত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়।