২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশের কার্যকারিতা স্থগিত

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বলছেন, জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান এবং তার প্রধান সহযোগী বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদন্ড মঙ্গলবার স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

রেজিস্ট্রার ফজলুল করিম এক প্রশ্নের জবাবে বলেন, জেএমবি এর ইফতেখার আল মামুন মৃত্যুদন্ডের বিরুদ্ধে আবেদন করেছে। এ সংক্রান্ত নথি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে মঙ্গলবার  রেজিস্ট্রারের দপ্তরে আসে।

মৃত্যুদন্ড এ মুহূর্তেই কার্যকর না করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিডিনিউজকে মঙ্গলবার বিকেলে জানান।

এদিকে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা সন্ধ্যা সাড়ে ছয়টায় বিডিনিউজকে জানিয়েছেন, পুরো রায় স্থগিত করা সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে তিনি জোর দিয়ে বলেন, আইন অনুুযায়ী একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো রায় স্থগিত করার কোনো সুযোগ নেই।

ডিআইজি (প্রিজন্স) মেজর শামসুল হায়দার সিদ্দিকি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বিডিনিউজকে জানিয়েছেন, ফাঁসির কার্যকারিতা স্থগিত করা সংক্রান্ত কোনো চিঠি তারা পাননি।

বিডিনিউজ এর প্রশ্নের জবাবে রেজিস্ট্রার জানিয়েছেন ওই আবেদনের উপর ভিত্তি করে পুরো রায়ের কার্যকারিতাই স্থগিত করা হয়েছে। এর পক্ষে যুক্তি দিয়ে রেজিস্ট্রার বলেন, সাত জঙ্গির বিরুদ্ধে দেওয়া ওই রায় আলাদা করা সম্ভব নয় বলে পুরো রায়ের কার্যকারিতাই স্থগিত করা হলো।

রমজান মাসে জঙ্গিদের ফাঁসি কার্যকরের বিধান কারাবিধিতে নেই, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমদের সোমবারের এমন বক্তব্যের পর দিনই স্থগিত করার হলো সাত জঙ্গির রায়ের কার্যকারিতা।

অ্যাডভোকেট আনিসুল হক বলেন, একজনের মামলার ভিত্তিতে পুরো রায় স্থগিত করার বিধান নেই।

শায়খ রহমান ও বাংলা ভাই ঢাকার মিরপুরের পাইকপাড়ায় বিশেষ কারাগারে এবং আবদুল আউয়াল ও সানি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

অন্য দুজনের মধ্যে ফারুক হোসেন খান ওরফে খালিদ সাইফুল্লাহ ও ইফতেখার হাসান ওরফে আল মামুন কাশিমপুর জেলে। ‘গায়েরী এহসার’ সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফ পলাতক।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামীর মধ্যে মামুন ছাড়াও অন্য চারজনও রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

গত ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের সাত জঙ্গির ফাঁসির আদেশ নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি আদালত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়।