২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী সপ্তাহেই সংলাপের জন্য টেলিফোন করব’ - মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া আগামী সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে টেলিফোনে পুনরায় আনুষ্ঠানিক সংলাপে বসার জন্য টেলিফোন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য দিয়ে জানিয়েছে, মধ্য রমজানে পবিত্র উমরাহ পালনের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৌদি আরব সফরে যাবেন। এর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে চায়।

মান্নান ভূঁইয়া সংলাপের ব্যাপারে তাঁর সরকারের আগ্রহের কথা উল্লেখ করে বিডিনিউজকে বলেন, আওয়ামী লীগ সংলাপে বসতে চাইলেই কেবলমাত্র আলোচনা হতে পারে। তারা আলোচনায় আগ্রহী কিনা এটাই এখন বিবেচ্য বিষয়। আমি মনে করি যে কোনো সমস্যা সমাধান আলোচনার টেবিলেই হবে।

মঙ্গলবার বেইলি রোডের বাসভবনে এক আলাপচারিতায় মান্নান ভুঁইয়া সংলাপ প্রশ্নে এরকম আগ্রহ প্রকাশ করে আরো বলেন, ‘আমি সিঙ্গাপুরে যাওয়ার আগে দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সাহেবের সঙ্গে টেলিফোনে আলাপ করে আলোচনায় বসার কথা বলেছি। প্রয়োজন হলে আবার টেলিফোন করব। কিন্তু তারা আলোচনায় বসবে কিনা এটা তাদের ব্যাপার।’

মান্নান ভূঁইয়া আরও বলেন, ‘সংলাপে বসতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা মনে করি, সরকারের মেয়াদ শেষ হতে আর বেশিদিন নেই। আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে যদি কোনো সংস্কার প্রয়োজন হয়, তবে অবশ্যই বিএনপির সঙ্গে আলোচনায় বসতে হবে।’

তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীও বিরোধী দলকে আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু তারা নানা অজুহাতে আলোচনায় বসেনি।

চিঠির মাধ্যমে বিরোধী দলকে আবার আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন কিনা জানতে চাইলে তিনি জানান, দুইদফা টেলিফোন করে বলার পর আবার চিঠি দেওয়ার প্রয়োজন নেই।

তিনি পুনরায় তার ইচ্ছার কথা প্রকাশ করে বলেন, ‘প্রয়োজনে আবার টেলিফোন করব, আর চিঠি নয়।’

সোমবার রাতে হৃদরোগের চিকিৎসা শেষে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি বেইলি রোডের সরকারি বাসভবনে পূর্ণ বিশ্র্াম নিচ্ছেন। চিকিৎসকরা আগামী সোমবার পর্যন্ত তাকে বিশ্রামে থাকার অনুরোধ করেছেন।

গতকাল রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টেলিফোনে মান্নান ভুঁইয়ার সঙ্গে কথা বলেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য ও সাংসদরা বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন।