দ্রব্যমূল্য বৃদ্ধি, জেলা প্রশাসক নিয়োগ এবং ড. আফতাবের মৃত্যু নিয়ে সংসদে বিতর্ক
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্বাচনে কারচুপির জন্য মন্ত্রীর ব্যক্তিগত সচিবদের (পিএস) জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ এবং সন্ত্রাসীদের গুলিতে আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) আফতার আহমাদের মৃত্যু নিয়ে মঙ্গলবার সংসদে অনির্ধারিত বিতর্ক হয়।
প্রশ্নোত্তর পর্ব শেষে জিরো আওয়ারে পয়েন্ট অব অর্ডারে এ নিয়ে প্রায় ৩০ মিনিট বিতর্ক চলে।
এতে অংশ নেন আওয়ামী লীগের রহমত আলী, আবদুস শহীদ, ফারুক খান, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম।
রহমত আলী রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরে বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় দেশের মানুষের সীমাহীন দূর্ভোগ হচ্ছে। কিন্তু এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোন কার্যকর পদক্ষেপ নেই।
ফারুক খান সমাজকল্যাণ মন্ত্রীর পিএসকে মাদারীপুরের জেলা প্রশাসক নিয়োগের সমালোচনা করে বলেন, ওই মন্ত্রী মাদারীপুরের একটি আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন। ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ - এর জন্যই তার পিএসকে সেখানে জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে কারচুপির জন্য সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করার চেষ্টা করছে। এ অবস্থা চললে বিরোধী দল আগামী নির্বাচনে কি করে অংশগ্রহণ করবে? তিনি এ ব্যাপারে সংসদ থেকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ সময় স্পিকার তার রুলিংয়ে বলেন, জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি সংস্থাপন মন্ত্রণালয়ের ফিট লিস্টের মাধ্যমে করা হয়। তাই এখানে সংসদের কিছুই করার নেই।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত ড. আফতাব আহমাদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য দাবি করেন।
