তথ্যমন্ত্রীকে ক্ষমতা চাইতে বলেছেন আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় বিরোধী জোটের সমন্বয়ক আব্দুল জলিল সোমবার একটি বিতর্কিত প্রামাণ্য চিত্র প্রচারের জন্য তথ্যমন্ত্রী এবং রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি মহাপরিচালককে (ডিজি) জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন।
তার মতে ওই প্রামাণ্যচিত্র স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে যেমন বিকৃত করেছে, তেমনি বঙ্গবন্ধুর অবদানকেও খাটো করে দিয়েছে।
তথ্যমন্ত্রী এবং বিটিভি মহাপরিচালকের কাছে পাঠানো এক প্রতিবাদ পত্রে আব্দুল জলিল বলেন, প্রামাণ্যচিত্রটি অবশ্যই প্রত্যাহার ও বাজেয়াপ্ত করতে হবে, কারণ এটা মিথ্যায় ভরা এবং দেশের স্বাধীনতার ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে ধ্বংস করার একটি হীন চক্রান্ত।
এ বিষয়ে আব্দুল জলিল বিডিনিউজকে বলেন, ইতিহাস ধ্বংস এবং আগামী প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টার প্রতিবাদে আমি এই চিঠি পাঠিয়েছে।
এর আগে রোববার আব্দুল জলিলসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ, আমার বাংলাদেশ’ নামে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের প্রতিবাদ জানান। যা বিটিভিতে শুক্রবার ও শনিবার প্রচার করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম এবং মেজর জেনারেল (অব.) শফিউল্লাহ রোববারের ওই সংবাদ সম্মেলনে প্রামাণ্যচিত্রটি প্রচারে সরকারের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন।
সরকার বিতর্কিত ওই প্রামাণ্যচিত্রটি প্রত্যাহার ও বাজেয়াপ্ত না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করে দেন।
