উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানির জন্য সরকারের সমালোচনা করলেন শেখ হাসিনা
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানির জন্য সরকারের সমালোচনা করে বলেছেন, সরকারের দায়িত্বহীনতার কারণে সেখানে কয়েকশ’ মানুষের প্রাণহানি হয়েছে।
তিনি বলেন, লাশ ভেসে যাচ্ছে, উদ্ধার করা যাচ্ছে না। এ নিয়ে সরকারের কোন উদ্বেগ নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত সরকার হলে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকতো। ভোট চুরির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে বলেই তাদের দায়বদ্ধতা নেই।
জাতীয় সংসদে রোববার পয়েন্ট অব অর্ডারের অনির্ধারিত বক্তব্যে অংশ নিয়ে তিনি একথা বলেন।
স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার বৈঠকে সভাপতিত্ব করেন।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, একদিকে উদ্ধার করতে না পারায় উপকূলীয় এলাকায় মানুষের লাশ ভেসে যাচ্ছে, শেয়াল কুকুরে লাশ খাবলে খাবলে খাচ্ছে। আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে ফেনীতে যান জনসভা করতে। এর চেয়ে হেলিকপ্টার দিয়ে টর্নেডোতে নিহত ও নিখোঁজ মানুষকে উদ্ধারের ব্যবস্থা করলেই ভাল হতো।
তিনি আবহাওয়া দপ্তর থেকে আগাম সতর্ক বার্তা দেয়া সত্ত্ওে উপকূলীয় এলাকায় এতো প্রাণহানি কেন ঘটলো সেই ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। তিনি তার সরকারের সময়ের সাফল্যের চিত্রও এতে তুলে ধরেন।
বিরোধী দলীয় নেত্রী সরকারি ঘোষণা একদিন পর থেকে রোজা শুরুর সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সরকার এখন সন্ত্রাসী ও ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি রোজা এবং ঈদও নিয়ন্ত্রণ করছে। এ অবস্থা চললে দেশের মানুষ ধর্ম -- কর্ম করবে কিভাবে?
শেখ হাসিনা থাইল্যান্ডে সরকার বদলের কারণে প্রধানমন্ত্রীর মন খারাপ বলে উল্লেখ করে বলেন, থাই প্রধানমন্ত্রীর সাথে তো অনেক ব্যবসা আছে। দেশের অর্থ পাচার করে ব্যবসা গড়ে তুলেছেন। এখন সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর কারণে তার মন খারাপ। লুটপাটের মাধ্যমে টাকা বানিয়ে ও টাকা পাচার করে এসব করা হয়েছিল।
