২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে ইতিহাস বিকৃতি ও উপক’লে প্রাণহানি নিয়ে সংসদে অনির্ধারিত বিতর্ক

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ অনুষ্ঠানের মাধ্যমে ইতিহাস বিকৃতি, রমজানের চাঁদ দেখা, সরকারের অবহেলায় উপকূলীয় এলাকায় কয়েকশ’ মানুষের প্রাণহানিসহ বিভিন্ন ইস্যুতে রোববার সংসদে প্রায় এক ঘন্টা অনির্ধারিত আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 02:49 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ও সরকারের দুজন মন্ত্রীসহ সরকারি ও বিরোধী দলের ১০ জন সদস্য এতে আলোচনায় অংশ নেন। বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যের পর সরকারের দুজন মন্ত্রী বক্তব্যের সুযোগ পেলে বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদও ফ্লোর চান।

তাকে ফ্লোর না দিয়ে স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার দিনের অন্য কার্যসূচি শুরু করলে আওয়ামী লীগের সদস্যরা একযোগে কিছু সময়ের জন্য প্রতীকী ওয়াকআউট করেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার থেকে সংসদের বৈঠক সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কোরাম সংকটের কারণে বৈঠক শুরু হয় বেলা ১১টায়।

কার্যসূচির প্রথম এক ঘন্টা প্রশ্নোত্তর শেষে জিরো আওয়ারে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত বক্তব্যের সূচনা করেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভিতে বিএনপির দলীয় অনুষ্ঠান ‘বাংলাদেশ, আমার বাংলাদেশ’ প্রচারের তীব্র সমালোচনা করে বলেন, এতে প্রচার করা হয় ঐতিহাসিক ছয় দফা প্রণয়ন করেছেন আইয়ুব খান এবং ৭ মার্চের ভাষণের পর বঙ্গবন্ধুকে ইয়াহিয়া খান শুভেচ্ছা জানিয়েছিলেন। অত্যন্ত পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃতির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এ ধরনের তথ্য প্রচার সংবিধানের লংঘন।

তিনি এটি পরীক্ষা - নিরীক্ষা করে দেখে এর সম্প্রচার বন্ধ করে দেয়ার জন্য স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

আখম জাহাঙ্গীর বিভিন্ন জেলায় জেলা প্রশাসকদের ওপর ‘সুপার ডিসি’ হিসেবে যুগ্ম সচিবদের নিয়োগের বিরোধিতা করে বলেন, আগামী নির্বাচনকে প্রভাবিত করতেই সরকার এ ধরনের আইন বহির্ভূত নিয়োগ দিয়েছে।

শাজাহান খান টর্নেডোতে কয়েকশ’ মানুষের প্রাণহানির জন্য সরকারের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে তদন্তের জন্য স্পিকারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, বেতার টিভিতে সোমবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন মসজিদের মাইকে রোববার থেকেই রোজা শুরুর ঘোষণা দেয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানির জন্য সরকারের সমালোচনা করে এ ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। তিনি বলেন, একদিকে উদ্ধার করতে না পারায় মানুষের লাশ ভেসে যাচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে ফেনীতে যান জনসভা করতে। ভোট চুরির সব ব্যবস্থা তো চূড়ান্তই হয়েছে, এখন আর জনসভার দরকার কি?

জবাবে আইনমন্ত্রী মওদুদ আহমদ ভোট চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট চুরির ইতিহাস কার, সেটা আমরা জানি। সরকার উপকূলীয় এলাকায় দুর্গতদের জন্য কিছু করেনি, কিন্তু বিরোধী দলও তো কিছু করেনি। বরং সেই সময় বিরোধী দল দেশে হরতাল ও অবরোধ পালন করেছে।

ড. মোশাররফ হোসেন সরকারের অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারিভাবে তিন নম্বর সতর্কতা সংকেত প্রচার করা হয়েছে। কিন্তু জেলে তীরে ফেরার আগেই ও সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার আগেই টর্নেডো আঘাত হেনেছে।

তিনি বিরোধী দলের সমালোচনা শুরু করলে বিরোধী দলীয় উপনেতা ফ্লোর চান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর না দিয়ে অন্য কার্যসূচিতে চলে যান।