২৪০ পোলিং এজেন্টকে ফেমার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ
ময়মনসিংহে ২৪০ পোলিং এজেন্টকে ৭ দিনের প্রশিক্ষণ দিয়েছে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যাসোসিয়েশন (ফেমা)। প্রশিক্ষণ শেষে বুধবার বিকেলে প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও নগদ অর্থ দেয়া হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলেয়া বেগম এই ২৪০ পোলিং এজেন্টকে প্রশিক্ষন দেন। জেলার ১২টি উপজেলার প্রতিটি থেকে ২০জন করে প্রশিক্ষনার্থী এতে অংশ নেন। প্রতি উপজেলা থেকে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামীর ৫ জন করে প্রতিনিধি প্রশিক্ষনে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠান শেষে বিকেলে ফেমার ময়মনসিংহ শাখার সভাপতি শাহাদাত হোসেন খান হীলু ময়মনসিংহ প্রেসক্লাবে ইলেট্রনিক এবং জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকদের ব্রিফিং করেন।
ফেমা সুত্র জানায়, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা সদরে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের পোলিং এজন্টের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা তাদের রয়েছে। এতে ময়মনসিংহে দক্ষ পোলিং এজেন্ট গড়ে উঠবে।
ময়মনসিংহ ফেমার সভাপতি শাহাদাত হোসেন খান হীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে ময়মনসিংহ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাইল করিম খোকন, ফেমার সহ-সভাপতি শাহ সাইফুল আলম পানু প্রমুখ উপস্থিত ছিলেন।
