জাতীয় পার্টির সঙ্গে জোট হলে কুড়িগ্রামের ৪টি আসন বিএনপিকে দিতে হবে: নেতাদের দাবি
জাতীয় পার্টির সঙ্গে জোট হলে কুড়িগ্রামের ৪টি আসন বিএনপিকে দেওয়ার দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। বৃহস্পতিবার ছিন্নমুকুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুর জেলা আর কুড়িগ্রামের পরিস্থিতি এক নয়। বিগত নির্বাচনে এরশাদের চোখের পানিকে প্্ুঁজি করে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। তাদের পক্ষ নিলে বিএনপির নেতা-কর্মীদের জণগনের হাতে লাঞ্ছিত হতে হবে।
তারা আরো বলেন, গত নির্বাচনের ৪টি আসনের ৩টিতে জাতীয় পার্টির প্রার্থীরা বিএনপি জোটের প্রার্থীদের তুলনায় অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। কিন্তু এবার ব্যাপক উন্নয়ন এবং সাংগঠনিক তৎপরতার ফলে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তাই এবারের নির্বাচনে ৪টি আসনেই আমরা বিজয়ী হবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইদ্রিস আলী, পৌরসভার চেয়ারম্যান আবু বকর সিদ্দিকি, শফিকুল ইসলাম প্রমুখ।
