বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে বিরোধী দলের অবরোধ কর্মসূচি পালিত
বিরোধী দলের নেতা-কর্মী ও পুলিশের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ১৪ দলীয় জোটের ডাকে দেশব্যাপী বুধবারের আধাবেলা সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের দাবিতে অবরোধ কর্মসূচি চলাকালে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় রাজধানীর ভিতরেও খুব কম যানবাহন চলাচল করেছে।
কর্মসূচি চলাকালে সকালে বিরোধী দলীয় নেতা-কর্মীরা রাজধানীর মহাখালী ও টঙ্গিতে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এছাড়া খিলগাঁও ফ্লাইওভারের উপর একটি হাতবোমার বিস্ফোরণে কমপক্ষে তিন ব্যক্তি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ ছাড়া অবরোধ কর্মসূচির কারণে রাজধানীসহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়। রাজধানীর বেশীরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসসমূহ বন্ধ ছিল।
কর্মসূচির সমর্থনে বিরোধী দলীয় নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন প্রবেশপথ যেমন গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকেই অবস্থান নেন এবং বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেন।
বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী অক্টোবর ২৮ এবং মেয়াদ শেষে একটি নির্দলীয় - নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি কেএম হাসান ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় বিরোধীদলগুলো তাদের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জোটবদ্ধ হয়ে একযোগে আন্দোলনে নেমেছে।
