২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল বাংলাদেশকে বিদেশীদের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়: রাজশাহীতে শিল্পমন্ত্রী

জামায়াতে ইসলামীর আমীর শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, বিরোধীদল ইস্যুবিহীন হরতাল, জ্বালাও পোড়াও, ভাংচুরের কর্মসূচী দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তারা বাংলাদেশকে বিদেশীদের তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রেখেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আগামী নির্বাচনে পরাজিত হওয়ার আশংকায় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান নির্বাচন কমিশনার প্রশ্নে ন্যাক্কারজনক ভূমিকা পালন করে আসছে, ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। তিনি বলেন, বিদেশী কোন শক্তির নেয়ামক নিয়ে বাংলাদেশের জনগণ নির্বাচন করতে চায় না। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে চারদলীয় জোটকে নির্বাচিত করে জামায়াত ইসলামী আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের জবাব দেবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াত আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওলানা মতিউর রহমান নিজামী একথা বলেন।

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও মাওলানা আব্দুস সোবহান এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মীর কাশেম আলী,  সহ সাধারণ সম্পাদক জেনারেল মজিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম, ছাত্র শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।