২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে রাজনৈতিক পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠার আশঙ্কা

নির্বাচন কমিশন সংস্কার নিয়ে প্রধান দুই দলের মুখোমুখি অবস্থানের কারণে দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আসন্ন তত্ত্ববধায়ক সরকারের শাসনামলে আরও খারাপ আকার ধারণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রাজনৈতিক এক বিশ্লেষক মঙ্গলবার এ আশঙ্কা প্রকাশ করেছেন।

বিরোধী দলের সোমবারের মহাসমাবেশের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন বিএনপি এবং প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মঙ্গলবার নিজেদের অবস্থানে অনড় থেকে পরস্পরের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এতে করে দু দলের মতভেদ নিরসনের আশা আরও কমে গেছে।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মহাসমাবেশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কেএম হাসান ক্ষমতা গ্রহণ করলে তারা যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাঠিসোটা নিয়ে রাজধানীতে ছুটে আসে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা অকার্যকর করে দেয়।

এর মাত্র একদিন পর মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ঢাকায় সাংবাদিকদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের বাড়িতে অলস হয়ে বসে থাকবে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ প্রধান তার মন্তব্যের মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দেননি। আমাদেরও সংগঠন আছে। আমরা কি ঘরে বসে থাকব। এটা কি ১৯৬৯, ১৯৭১ অথবা ১৯৯৬ সাল?

নির্বাচনপূর্ব মনোভাব নিয়ে দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের অপেক্ষায় আছে বলে তিনি জানান।

এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা ‘রাজনৈতিকভাবে’ আওয়ামী লীগের মোকাবেলা করবেন।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মঙ্গলবার বিডিনিউজ২৪.কমকে বলেছেন, ‘আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করতে জানি এবং একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে কোন চ্যালেঞ্জের মোকাবিলা করব’।

আব্দুল জলিল প্রশ্ন রেখে বলেন, বিএনপির এক সরকার তাদের আরেক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবে এবং বিএনপির অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ কীভাবে তা মেনে নেবে?

দুই দলের এই তর্কযুদ্ধের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতাউর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরাজমান মুখোমুখি অবস্থান এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে লাঠিসোটা নিয়ে রাজধানীতে আসার জন্য জনগণের প্রতি আহ্বান তত্ত্বাবধায়কের সময়ে সহিংসতাই ডেকে আনতে পারে।

বিডিনিউজ২৪.কমকে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি বিশৃঙ্খলা, সহিংসতা এবং অস্থিতিশীলতাকেই আরও দেবে এবং এতে করে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি ও জনগণই সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে... কেউ লাভবান হবে না।

তিনি আরও বলেন, পরিস্থিতি তেমন হলে পরে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সহযোগিতায় রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনা করতে হতে পারে।