সংলাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব চান জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠকের জন্য ক্ষমতাসীন দলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসতে হবে। মঙ্গলবার তিনি বিডিনিউজ২৪.কমকে তিনি একথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত সপ্তাহে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠকের প্রস্তাব করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক ব্যবস্থার সংস্কারসহ প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ ও অপর তিন কমিশনারের পদত্যাগের দাবিও জানিয়েছে। এই জোট তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানের অধীনে নির্বাচন না করার ব্যাপারেও তারা জোরালো অবস্থান নিয়েছে।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার কাছ থেকে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে কোন আমন্ত্রণ পেয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে জলিল বলেন, ‘কয়েকদিনের মধ্যে আমি কোন ফোন পাইনি তার কাছ থেকে। জানি না তিনি আসলে কাকে ফোন করেছিলেন।’
জলিল পাল্টা প্রশ্ন করেন, ‘একটি রাজনৈতিক দলের মহাসচিব যদি প্রধানমন্ত্রীর প্রস্তাবকে গুরুত্বই না দেয়, তবে জনগণের বিশ্বাস আর থাকে কোথায়?’
বর্তমান পরিস্থিতিতে সংলাপের ভাগ্য কি হতে পারে - এরকম প্রশ্নের জবাবে জলিল বলেন, ‘আমি নিজে এবং আমার দল সংস্কারের প্রশ্নে আসলেই সংলাপ চাই। আনুষ্ঠানিক প্রস্তাব দিলেই আমরা বৈঠকে বসতে পারি।’
তবে সংলাপ অনুষ্ঠানের জন্য সরকারকে অবশ্যই আন্তরিক পরিবেশ সৃষ্টি করতে হবে।
প্রসঙ্গত, মান্নান ভূঁইয়া এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
