ভোটার পরিচয়পত্র নয়, নির্বাচন কমিশনের আগ্রহ এখন নাগরিক পরিচয়পত্র নিয়ে
ভোটার পরিচয়পত্র খাতে প্রায় দেড় শ’ কোটি টাকা অপচয় করার পর এ ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। তারা এখন আগ্রহী হয়ে উঠেছে নাগরিক পরিচয়পত্র নিয়ে।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, নানা অব্যবস্থাপনার কারণে ভোটার পরিচয়পত্র প্রকল্পটি ভেস্তে গেছে। এটি আর বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিক পরিচয়পত্র চালুর উদ্যোগ অনেক বাস্তবমুখী। নির্বাচনের সময়েও এই পরিচয়পত্র ব্যবহার করে জাল ভোট রোধ করা সম্ভব।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ইউএনডিপির অর্থায়নে ১৯৯৫ সালে ভোটার পরিচয়পত্র প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত, এই দু’বছরে প্রকল্পের ৭৬ শতাংশ কাজ শেষ হয়। দ্বিতীয় পর্বে প্রকল্প মেয়াদ শেষ হয় ২০০০ সালের ৩০ জুন।
এই ছয় বছরে নির্বাচন কমিশন মোট ৪ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৫৭১ ভোটারকে পরিচয়পত্র প্রদান করে। তবে ভোটার পরিচয়পত্র তৈরি করতে গিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
ভোটারদের এই পরিচয়পত্র সব ধরণের নির্বাচন ছাড়াও ব্যাংকিং লেনদেন, বিভিন্ন ধরণের বিল প্রদান, ব্যবসায়ীক লাইসেন্স নবায়ন -- ইত্যাদি ক্ষেত্রে ব্যবহারের কথা ছিল। দু-একটি স্থানীয় নির্বাচনে এর কিছু ব্যবহার হলেও শেষ পর্যন্ত ভোটার পরিচয়পত্র প্রাপ্তদের এই কার্ড আর কোনো কাজেই আসেনি। অবশেষে প্রকল্পটিকে একেবারে বাতিলই করা হয়।
ভোটার পরিচয়পত্র প্রকল্প খাতে নির্বাচন কমিশন বরাদ্দ পেয়েছিল প্রায় ১৮০ কোটি টাকা। তবে তারা ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ব্যয় করে প্রায় দেড়শ কোটি টাকা। প্রকল্পের বাকী টাকা দাতা গোষ্ঠি ইউএনডিপিকে ফেরত দেয়া হয়েছে।
