২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন ময়দানে জড়ো হতে শুরু করেছেন হাজারো জনতা

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সোমবার সকাল থেকেই বিরোধী দলের হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থক পল্টন ময়দানে উপস্থিত হতে শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 02:16 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পুলিশি বাধা ও সরকারী দলের মদদপুষ্ট সমর্থকদের সম্ভাব্য বাধা উপক্ষো করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে সকাল থেকে লোক সমাগম হতে শুরু করে। পায়ে হেটে, ভাড়া করা বাসে করে সকাল থেকেই ১৪ দলের  কর্মী ও সমর্থকরা সরকার বিরোধী শ্লোগান দিয়ে পল্টন ময়দানে আসছেন।

বিরোধী দল অভিযোগ করেছে পল্টন ময়দানের আশপাশে বসানো কয়েকটি পয়েন্টে মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পুলিশ। দোয়েল চত্বর, মতিঝিল, দৈনিক বাংলার মোড়ে, নাইটিঙ্গেল মোড় এবং বঙ্গবাজারে সকালে পুলিশ জোরপূর্বক মাইক নামিয়ে ফেলে এবং এর সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার ও অপর তিনজন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান কে এম হাসানের কুশপুত্তলিকা বহন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন এবং লঞ্চের ছাদে করে হাজার হাজার মানুষ ঢাকায় আসে। ফলে রাজধানীর যানব্যবস্থা একরকম পঙ্গু হয়ে পড়ে।

“জনতার এই গণজোয়ারই প্রমাণ করে যে দল, মত, নির্বিশেষে সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার চান,” গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিডিনিউজ২৪ডটকম কে সোমবার দুপুরে এ কথা বলেন। 

প্রধান বিরোধীদলসহ ১৪ বিরোধী দল দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার দাবি, প্রধান নির্বাচন কমিশনারসহ অপর তিন কমিশনারের পদত্যাগ ও সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিচারপতি কেএম হাসানের নিয়োগের প্রতিবাদ করে আসছে।

বিডিনিউজ২৪ডটকম এর প্রতিবেদক কৈলাস সরকার ও প্রদীপ চৌধুরী জানান, সকাল ১১টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল পল্টন ময়দানে আসতে শুরু করে। মিছিলকারীরা আইন প্রয়োগকারী সংস্থার স্থাপিত বিভিন্ন নিরাপত্তা ফটক পার হতে গিয়ে তল্লাশির মুখোমুখি হতে হয়েছে।

সকাল থেকেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করতে থাকে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও আওয়ামী লীগ ময়দানের আশপাশে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য চারটি মেডিকেল ক্যাম্প বসিয়েছে।

মহাসমাবেশের প্রভাব পড়েছে পুরো ঢাকাতেই। সোমবার দুপুরেই নগরীর প্রধান প্রধান রাস্তা ফাঁকা হয়ে যায়। বিরোধী দল গাড়ি ভাড়া করার পাশাপাশি এবং পুলিশও অসংখ্য গাড়ি ‘রিকুইজিশন’ করায় নাগরিক পরিবহনের জন্যও গাড়ির সংখ্যা ছিল খুবই সীমিত।

অপ্রীতিকর ঘটনার ভয়ে বনানী ও গুলশান এলাকায় বেসরকারি সংস্থা দুপুর ১টায় ছুটি দিয়ে দেওয়া হয়।

এদিকে মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নগরীকে সাত--স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন প্রয়োগকারী সংস্থা। পুলিশ, র‌্যাব ও দাঙ্গা পুলিশের ১৫ হাজার  নিরাপত্তা কর্মী পল্টন ময়দান ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়। পল্টন ময়দানের আশপাশের উচু ভবনের ছাদে র‌্যাব এর দল সার্বক্ষণিক পাহারা দিচ্ছে।

এছাড়া মঞ্চের পেছনে একটি নিয়ন্ত্রন কক্ষ বসানো হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে ২৮ অক্টোবর। এর পর ৯০ দিনের মধ্যে মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।