২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ ॥ বিএনপি নেতার অফিস ভাঙচুর, আহত ১০

শহরে শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ কর্মী আহত হন। এরমধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এদিকে এ ঘটনার জের ধরে ছাত্রলীগের কর্মীরা জেলা বিএনপির এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও এক কর্মচারীকে পিটিয়ে আহত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বান্দরবান সরকারি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা যাওয়া হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ কর্মী আহত হন। আহতদেমধ্যে কয়েকজন হচ্ছেন বাবলু, সিরাজ, জয়নাল, আমিন, মাসুদ, কাউছার, শাহাদাৎ। এছাড়া ছাত্রলীগ কর্মী ইসমাইল গুরুতর আহত হলে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এ সংঘর্ষের পর সন্ধ্যায় ছাত্রলীগের সন্ত্রাসীরা জেলা সভাপতি শামসু ও সেক্রেটারী প্রশান্তের নেতৃত্বে শহরে একটি লাঠি মিছিল বের করে। এসময় তারা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গণির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তা ভাংচুর করে। এতে প্রতিষ্ঠানের কর্মচারী হেলাল আহত হন। আহত হেলাল জানিয়েছেন, কলেজ ছাত্রলীগ সভাপতি কালাম, জয়নাল ও আমিন তাকে পিটিয়েছে। ওসমান গণির ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন অভিযোগ করেন, বিনা উস্কানীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা দোকানের চারপাশের কাঁচ ভাঙচুর করে। এসময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে তারা অভিযোগ করেছেন।

এদিকে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের পর শহরে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাপক সংঘর্ষের আশংকায় বান্দরবান বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পর বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।