এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিতে হবে : গোল টেবিলের দাবি
আইনী জটিলতা বা অন্য কোনো রকম চাতুরীর আশ্রয় না নিয়ে ফুলবাড়ীবাসীর সব দাবি মেনে এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা সরকারকে দিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার ৫ বামদল আয়োজিত ‘ফুলবাড়ী গণঅভ্যূত্থান এবং জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা এই দাবি জানান।
সংগঠনের আহ্বায়ক জোনায়েদ সাকির সঞ্চালনে গোল টেবিল আলোচনায় ফুলবাড়ী আন্দোলনের নেতা-কর্মীরা অংশ নেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে গণবিস্ফোরণ ঘটছে। কিন্তু এসব আন্দোলনে শাসক শ্রেনীর দালালদের অনুপ্রবেশ ঘটেছে। ৬৯’র গণঅভ্যূত্থানেও দালাল ছিলো। কিন্তু এখনকার মত তারা সরাসরি মাঠে নামতে পারেনি।
তিনি আরো বলেন, রাষ্ট্র ক্ষমতায় শাসক শ্রেনীকে রেখে আমাদের জান-মাল নিরাপদ রাখা সম্ভব হবে না।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ীর জনগনের বিজয়গাঁথা নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে কথিত প্রথম শ্রেনীর দৈনিকে। কিন্তু সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এশিয়া এনার্জিকে দেশ ছাড়তে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, আগামীতে ফুলবাড়ীর ঘটনা দেশের রাজনৈতিক পরিবর্তনে বড় রকমের ভূমিকা রাখবে। তিনি এশিয়া এনার্জির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সাম্রাজ্যবাদের কবল থেকে আমাদের জাতীয় সম্পদ রক্ষার লড়াই ফুলবাড়ী থেকেই শুরু হলো। আমাদের সম্পদ কাউকে লুট করে নিয়ে যেতে দেবো না।
গোল টেবিল আলোচনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম, আদিবাসী নেতা রামাই সরেন, নূরুজ্জামান, প্রকৌশলী এনামুল হক, বজলুর রশিদ ফিারোজ ও সাইফুল হক।
