২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে লিখিত আমন্ত্রণ জানাতে বলেছে ১৪ দল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোট প্রস্তাবিত নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার বিষয়ে সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে লিখিত আমন্ত্রণ জানাতে বলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

জোট নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিশ্বাস করা যায় না এবং এ কারণেই তিনি জনসমাবেশে যখন সংলাপের প্রস্তাব দেন তা বিশ্বাসযোগ্য হয় না তাদের কাছে। 

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক জনসমাবেশে প্রস্তাবিত সংস্কার প্রশ্নে প্রধানমন্ত্রী যে বক্তব্য দেন তারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী জোটের নেতৃবৃন্দ একথা বলেন। 

রাজধানীর গণফোরাম কার্যালয়ে শুক্রবার এক বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন সমাবেশে বিরোধী দলের প্রস্তাবিত সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এখন তিনি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছেন। কাজেই তিনি এখন কেন ইউ টার্ন নিলেন তা আমাদের ভেবে দেখতে হবে।’

তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কার প্রশ্নে সরকার যে আসলেই আন্তরিক তা পরিস্কার করার জন্য প্রধানমন্ত্রীকে অবশ্যই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জানাতে হবে।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল  প্র্রস্তাবিত সংস্কার প্রশ্নে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়াকে ফোন করেছিলেন বলে প্রকাশিত খবরটি প্রত্যাখ্যান করেন।

জলিল বলেন, জনসমাবেশে প্রধানমন্ত্রীর আহ্বানের ওপর নির্ভর করে তারা কখনোই ক্ষমতাসীন দলের সঙ্গে যোগাযোগ করেননি। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মহাসমাবেশকে সামনে রেখে ১৪ দল শুক্রবার এই বৈঠকের আয়োজন করে।

জলিল বলেন, ঢাকায় ওই মহাসমাবেশে আরও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং দিনটিকে বিরোধী জোটের বিজয় হিসেবেই দেখা হবে। ১৪ দলের অন্য নেতাদের সঙ্গে তাল মিলিয়ে তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর পুরো ঢাকা শহর বিশাল জনসমুদ্রে পরিণত হবে।

১৪ দলের নেতারা জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা নির্বাচনের শ্লোগান দেবেন না, তার পরিবর্তে চার দলীয় সরকার পতনের শ্লোগান দেবেন।’

গণফোরামের ঢাকা সিটি ইউনিটের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, দীলিপ বড়–য়া, পঙ্কজ ভট্টাচার্য ও জহিরুল ইসলাম।