২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকিগঞ্জ সীমান্তে আবারো বিএসএফের গুলি, বিডিআরসহ আহত ১৫

দ্বিপক্ষীয় পতাকা বৈঠকের সিদ্ধান্ত লংঘন করে বৃহস্পতিবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বিডিআর ক্যাম্প ও বসতি লক্ষ্য করে আবারো গুলি ছুড়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 12:19 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিডিআরও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে প্রায় আড়াই ঘন্টা ধরে গুলি বিনিময় হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছিল। এতে বিডিআরের দুই জোয়ানসহ ১৫ জন এলাকাবাসী আহত হয় বলে বিডিআরের কর্মকর্তা মেজর সিরাজ বিডিনিউজকে জানিয়েছেন।

বিডিআর সূত্র জানায়, রাত আনুমানিক সোয়া নয় টায় বিএসএফ সদস্যরা জকিগঞ্জ সীমান্তের ১২৩৪ থেকে ১২৩৬ নম্বর পিলারের মধ্যবর্তী বারঠাকুরি ইউনিয়নের ২৯৬ একর অমিমাংসিত জমিতে বসবাসকারী কৃষক ও স্থানীয় উত্তরকুল সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে আকস্মিকভাবে গুলি ছুড়তে শুরু করে।

ফাঁড়ির বিডিআর সদস্যরাও তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়। এতে দুপক্ষের মধ্যে প্রায় ৫ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এ নিয়ে সীমান্তের উত্তেজনা বিরাজ করছে। বিডিআরের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বিডিআর কর্মকর্তা মেজর সিরাজ জানান, সেখানে এখন বিডিআরের শক্তি বৃদ্ধি করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্তের ওই ২৯৬ একর জমি নিয়ে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই  দুই দেশের মধ্যে বিরোধ  চলে আসছে।

এর জের ধরে গত  ৯ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয়েছিল, যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে।

এরপর ১৪ আগস্ট সেখানে বিডিআর ও বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সমঝোতা হয়।

এতে সিদ্ধান্ত নেয়া হয়, বাংলাদেশ ওই জায়গাটির দখল অব্যাহত রাখবে। তবে ’৭৪ সালের মুজিব- ইন্দিরা চুক্তির শর্ত অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর এক মাসের মধ্যে বিএসএফ সমঝোতার সিদ্ধান্ত লংঘন করে গুলি চালালো।