এশিয়া এনার্জি চুক্তি, পুলিশি হামলা ও সংস্কার প্রস্তাব নিয়ে সংসদে বিতর্ক, হৈচৈ
এশিয়া এনার্জির সাথে চুক্তি সম্পাদন, আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের ওপর পুলিশি হামলা এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত বিতর্ক হয়। এক পর্যায়ে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।
প্রায় এক ঘন্টার এই বিতর্কে আওয়ামী লীগ সংসদ সদস্য এএইচএসকে সাদেক অভিযোগ করেন, ১৯৯৪ সালে বিএনপি সরকার এশিয়া এনার্জির সাথে কয়লা উত্তোলনের (মাইনিং) চুক্তি করেছে। তিনি বলেন, তৎকালীন জ্বালানী মন্ত্রী ও বর্তমান স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন এবং এ জন্য তার ক্ষমা চাওয়া উচিত।
জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিএনপি ‘বিএইচপি’ নামে একটি কোম্পানীর সাথে প্রাক-সম্ভাব্যতা যাচাই পরিচালনার জন্য চুক্তি করে।
মন্ত্রী আরো বলেন, সাদেক সাহেবের মতো একজন সাবেক মন্ত্রী এটা জানেন না যে, প্রাক-সম্ভাব্যতা যাচাই কোন কোন ক্ষেত্রে হবে তা নির্ধারণের জন্যই ডকুমেন্টে ‘মাইনিং’-এর কথাটি বলা হয়েছে। কয়লা উত্তোলনের জন্য নয়। সাদেক জাতিকে বিভ্রান্ত করেছেন বলেও মন্ত্রী অভিযোগ করেন।
খন্দকার মোশাররফের এই বক্তব্যের পর পুরো সংসদে হৈচৈ শুরু হয়। তার বক্তব্যের পর আওয়ামী লীগের আর কোনো সংসদ সদস্য খন্দকার মোশাররফের যুক্তি খণ্ডন করে বক্তব্য রাখেননি।
আওয়ামী লীগের অপর সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ও মোহাম্মদ নাসিমের ওপর পুলিশি হামলার কথা উল্লেখ করে বলেন, বিএনপি মহাসচিব সংসদে বলেছিলেন পুলিশের হামলা তদন্ত করে সংসদকে অবহিত করা হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের হামলাকে সমর্থন করে বলেছেন পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্যই লাঠিচার্জ করেছে। তাহলে কোন মন্ত্রীর বক্তব্য সঠিক বলে তিনি প্রশ্ন করেন। তিনি আহত দুই সংসদ সদস্যকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য পুনরায় স্পিকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম হাবিব দুলাল এবং কৃষক-শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীও মোহাম্মদ নাসিম ও আসাদুজ্জামান নূরের উপর হামলার নিন্দা জানিয়ে সংসদে বক্তব্য রাখেন।
স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাসহ প্রায় সকল কেবিনেট মন্ত্রীই অনুপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সারিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ছাড়া আর কোন মন্ত্রী উপস্থিত ছিলেন না।
সংসদের অনির্ধারিত এই বিতর্কে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, আব্দুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিম তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপি সংসদ সংসদ মোয়াজ্জেম হোসেন আলাল সংসদে অসংসদীয় শব্দ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন।
